Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Pingla news: প্রেমের প্রস্তাবে নাকচ, চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলা হল তরুণীকে! উঠছে প্রশ্ন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রেমের প্রস্তাব নাকচ করায় বড় বিপদের সম্মুখীন হল পশ্চিম মেদিনীপুরের পিংলার এক তরুণী ৷ তাঁকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল পরিচিত এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় পিংলার মুণ্ডুমারি এলাকায় হঠাৎই চলন্ত মারুতি গাড়ি থেকে রাস্তায় পড়ে যান এক তরুণী। নিমেষে সেখান থেকে চম্পট দেয় সেই মারুতি গাড়িটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সন্দেহ দানা বাঁধে পুলিশের। শুরু হয় তদন্ত। রাতেই পিংলা থানার পুলিশ জানতে পারে আহত ওই তরুণীর বাড়ি সেই এলাকাতেই। এরপর ওই তরুণীর পরিবারের সদস্যরা এসে লিখিত অভিযোগ দায়ের করে থানায়।

তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিভিন্ন এলাকায় তল্লাশির পর অবশেষে পিংলা থানার সুচছড়া গ্রাম থেকে সেই মারুতি সহ গ্রেফতার করা হয় সুব্রত দোলুই নামে এক যুবককে। ধৃতের বাড়ি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত আড়া গ্রামে।
তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে, ওই তরুণীর সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল যুবকটির। গাড়িতে করে একসঙ্গে যাওয়ার সময় দু’জনের হঠাৎই বচসা শুরু হয়। সেইসময় যুবকটি তরুণীকে ঠেলে ফেলে দিয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। বেশ কিছুদিন ধরেই ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল যুবকটি। তরুণী সেই প্রস্তাব নাকচ করাতেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

ইতিমধ্যেই ধৃত ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪২ ও ৩০৭ ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। ধৃতকে রবিবার পেশ করা হয় মেদিনীপুর আদালতে। অন্যদিকে, শনিবার রাতে ওই তরুণীর অবস্থার অবনতি হওয়ায় পিংলা গ্রামীণ হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে আবার সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। বর্তমানে কলকাতাতেই চিকিৎসাধীন ওই তরুণী। লক্ষ্মীপুজোর আগের সন্ধ্যায় এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পিংলা থানা এলাকায়।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন