তৃণমূলের প্রাক্তন যুব নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, উদ্ধার বাবার দেহও! এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরে
deshersamay

বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন যুব তৃণমূলকংগ্রেসের প্রাক্তন সভাপতি। ঘরে অচেতন অবস্থায় উদ্ধার তাঁর বাবার দেহও। শনিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে হাড়হিম ঘটনা। বাড়ি থেকে বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম কমল রাউত (৭০) ও সঞ্জয় রাউত (৪৯)। তাঁরা অশোকনগর-কল্যাণগড় পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাড়ির বারান্দায় সঞ্জয় রাউতের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এর পরে ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁর বাবা কমল রাউতকে। দ্রুত তাঁকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমল ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।

সঞ্জয় রাউত এক সময়ে অশোকনগর এলাকার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন। এলাকায় তৃণমূলের নেতা হিসেবে তাঁর পরিচিতি ছিল। প্রাক্তন বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গেও তাঁকে বিভিন্ন সময়ে দেখা যেত বলে স্থানীয় সূত্রে খবর। পেশায় আমদানি-রপ্তানি ব্যবসায়ী সঞ্জয়ের ব্যবসায় বেশ কিছুদিন ধরে মন্দা চলছিল বলে স্থানীয়দের দাবি। সেই কারণে তিনি মানসিক চাপে ছিলেন। সব দিক খোলা রেখেই তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতিবেশীরা জানান, সঞ্জয় অবিবাহিত ছিলেন। বাবা ও ছেলে বাড়িতে থাকতেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সঞ্জয় তাঁর বাবাকে ঘুমের ওষুধ খাওয়ানোর পরে নিজে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বাবা-ছেলের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে অশোকনগর থানার পুলিশ।


