রণক্ষেত্র হাসিনার খাসতালুক গোপালগঞ্জ, আওয়ামি লিগের মিছিলে ককটেল বিস্ফোরণ
deshersamay
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করতেই নতুন করে উত্তেজনা ছড়াল গোপালগঞ্জে। এই এলাকা হাসিনার নির্বাচনী কেন্দ্র ও খাস তালুক বলে পরিচিত। সোমবার রাতে সেখানেই সমাবেশের আয়োজন করেছিল নিষিদ্ধ আওয়ামি লিগ ও তাদের সহযোগী সংগঠনগুলি। আচমকাই সেখানে ককটেল বোমা বিস্ফোরণ ঘটে।
১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্লাইটের ব্যবস্থা করার জন্য তারেক রহমান সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি। তার পরেই অগ্নিগর্ভ বাংলাদেশে যেন ঘি পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গোপালগঞ্জের লঞ্চঘাট এলাকায় মিছিল করেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। মিছিল শেষে সমাবেশে নেতাদের পাশে কে দাঁড়াবেন, তা নিয়ে ঘোষেরচর গ্রামের এক যুবকের সঙ্গে চরমানিকদাহ গ্রামের কয়েক জনের তীব্র বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বচসা গড়ায় হাতাহাতিতে।
এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন এলাকা। দুই গ্রামের বাসিন্দারা অস্ত্রশস্ত্র নিয়ে একে অন্যের উপরে চড়াও হন। শুরু হয়ে যায় সংঘর্ষ। অন্তত সাতটি দোকানে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় ২০ জন জখম হন। তাঁদের গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাঁচ জনের অবস্থা গুরুতর।
এর পরেই পাল্টা দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামি লিগের সমর্থকদের বিরুদ্ধে। এলাকার প্রায় সাতটি দোকান গুঁড়িয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালেও থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। কোটালিপাড়ার দক্ষিণ হিরণ গ্রামেও সংঘর্ষে জড়িয়ে পড়েন আওয়ামি লিগের দুই গোষ্ঠীর সদস্যরা। স্থানীয় সূত্রে খবর, যুবলিগ নেতা মশিউর রহমানের সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের বচসা বাধে বলে অভিযোগ। দু’জনেই হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের সম্ভাব্য প্রার্থী বলে জানা গিয়েছে। বচসা থেকে পরিস্থিতি সংঘর্ষে গড়ায়। আহত হন অন্তত ১০ জন। পাঁচটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
আহতদের মধ্যে তিন জনের শারীরিক অবস্থা গুরুতর। প্রথমে তাঁদের কোটালিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলেও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। দুই ঘটনার ক্ষেত্রেই এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত বা মৌখিক অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর ও কোটালিপাড়া থানার অফিসাররা।
