রাজ্যের নাম ইংরাজিতেও হোক ‘পশ্চিমবঙ্গ’! প্রস্তাব আসছে বিধানসভায়, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
deshersamay

‘বাংলা’ নয়। রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গই (West Bengal )। ঐতিহাসিক গুরুত্ব ব্যাখ্যা করে ‘পশ্চিমবঙ্গ’ নামে সিলমোহর দিয়ে আগেই যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়েছিলেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী । সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন, বিধানসভায় প্রস্তাব আনা হচ্ছে যে রাজ্যের নাম ইংরাজিতেও যেন ‘পশ্চিমবঙ্গ’ হয় !

বিগত সরকার রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই সেই প্রসঙ্গেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন শুভেন্দু। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস ও আবেগ। নাম পরিবর্তনের বিষয়ে মতামত চাওয়া হলে তিনি নিজের অবস্থান জানাবেন।

তবে এই সিদ্ধান্তের সঙ্গে বর্তমান সরকার কোনওভাবেই যুক্ত নয় এবং এ বিষয়ে তাদের বিশেষ আগ্রহও নেই বলেও জানান তিনি। শুভেন্দুর মতে, পশ্চিমবঙ্গ নামটি মুছে ফেলার অর্থ রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে মুছে ফেলা, যা তাঁদের পক্ষে সম্ভব নয়।

প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখেই দীর্ঘদিন ধরে রাজ্যের নাম পরিবর্তনের ভাবনাচিন্তা চলছিল। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাজ্যগুলির প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। সেই তালিকায় ‘ওয়েস্ট বেঙ্গল’-এর নাম আসে একেবারে শেষে। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় রাজ্যের প্রতিনিধিদের। তার উপর প্রথম দিকের বক্তারা নির্ধারিত সময়ের বেশি সময় নিয়ে নিলে শেষের দিকে থাকা রাজ্যগুলির প্রতিনিধিদের বক্তব্য রাখার জন্য বরাদ্দ সময়ও কমে যায়। এই প্রশাসনিক সমস্যার কথা বিবেচনা করেই বাম আমলে রাজ্যের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল।
১৯৯৯ সালের ২০ জুলাই বিধানসভায় রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ রাখার প্রস্তাব আনা হয়। তবে আলোচনার পর ‘পশ্চিমবঙ্গ’-এর পরিবর্তে ‘বাংলা’ নামটিই অধিক গ্রহণযোগ্য বলে মত উঠে আসে। সেই অনুযায়ী তৎকালীন শাসক বামফ্রন্ট এবং বিরোধী কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে প্রস্তাবে সংশোধনী আনা হয়। কিন্তু পরবর্তী সময়ে সেই উদ্যোগ আর বিশেষ এগোয়নি।

প্রায় ১৭ বছর পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় দফার সরকার ক্ষমতায় আসার শুরুতে রাজ্যের নাম পরিবর্তনের বিষয়টি ফের গুরুত্ব পায়। ২০১৬ সালের ২ অগস্ট রাজ্য মন্ত্রিসভায় একটি প্রস্তাব অনুমোদিত হয়। তাতে তিনটি ভাষায় রাজ্যের পৃথক নাম রাখার কথা বলা হয়েছিল। বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’—এই তিনটি নাম প্রস্তাব করা হয়।

তবে এই প্রস্তাবের বিরোধিতা করে বামেরা। তাদের আনা সংশোধনী বিধানসভায় ১৮৯-৩১ ভোটে খারিজ হয়ে যায়। এরপর বাম ও কংগ্রেস বিধায়কদের অনুপস্থিতিতে মূল প্রস্তাবটি বিধানসভায় পাশ করিয়ে কেন্দ্রের কাছে পাঠানো হয়। কারণ, কোনও রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু তিনটি ভাষায় তিন রকম নাম রাখার প্রস্তাবে আপত্তি জানিয়ে তা রাজ্যের কাছে ফেরত পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের বক্তব্য ছিল, রাজ্যের জন্য তিনটি পৃথক নাম নয়, সব ভাষাতেই একটি অভিন্ন নাম থাকতে হবে।
এরপর সেই নির্দেশ মেনেই ২০১৮ সালের ২৬ জুলাই বিধানসভায় ফের নাম পরিবর্তনের প্রস্তাব আনা হয়। সে বার রাজ্যের নাম ‘বাংলা’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে নামের সাদৃশ্যের কারণে এই প্রস্তাব নিয়ে আপত্তি উঠলেও বিধানসভায় সর্বসম্মতিক্রমেই তা গৃহীত হয়।
প্রস্তাবটি ফের পাঠানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। বিষয়টির দ্রুত নিষ্পত্তির জন্য তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনাথও বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি। এখন শুভেন্দুর সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখার তোরজোড় শুরু করে দেওয়া হল।
