সংসদকে দুর্গ বানিয়ে ‘আরশোলা’দের অভিযান রুখতে প্রস্তুত পুলিশ
deshersamay

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার সম্ভাবনা সরকার একপ্রকার খারিজ করে দিলেও তাঁর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ভিড় বাড়ছে ককরোচ জনতা পার্টির সমর্থকদের। সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা সেখানে জড়ো হয়েছে। তাদের মধ্যে ছাত্র এবং অভিভাবকেরাও আছেন।

ককরোচ জনতা পার্টি (CJP)-র তরফে সৌরভ দাস বুধবার সকালে বিক্ষোভস্থলের ভিড়ের ছবি শেয়ার করেছেন। সংবাদ সংস্থা এএনআই (ANI)-কে দেওয়া সাক্ষাৎকারে CJP-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার তাদের দাবি না মানলে লাখ লাখ মানুষ দিল্লিতে আসবেন।’
এদিকে, দিল্লির সংসদ ভবন, রফি মার্গসহ বিভিন্ন এলাকা ব্যারিকেড করেছে পুলিশ। সোমবার অভিযানকারীরা একেবারে সংসদের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। তারপরই সংসদ চত্বরের নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে

CJP এখনও যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং নিট (NEET) পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা। তারা আবার সংসদ অভিযান করতে পারে এমন সম্ভাবনা বিবেচনায় রেখে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
সোমবারের বিক্ষোভে সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে এখন পর্যন্ত ছয়টি এফআইআর দায়ের হয়েছে। পুলিশ বড় ধরনের অপরাধমূলক ষড়যন্ত্রের বিষয়েও তদন্ত করছে। সোমবার সন্ধ্যায় পুলিশ মঞ্চ ভেঙে এলাকা খালি করলেও বিক্ষোভকারীরা আবার ফিরে এসে অবস্থান শুরু করে।
এদিকে কেরল, জম্মু-কাশ্মীর, অসমসহ দেশের বিভিন্ন রাজ্যে কংগ্রেস দিল্লিতে ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের প্রতিবাদে বিক্ষোভ করে। মঙ্গলবার রাহুল, প্রিয়াঙ্কা ও অন্যান্য কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেন। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকেও আটক করা হয়। পরে সবাইকে মুক্তি দেয় পুলিশ।

রাহুলের আন্দোলনের ধরন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে বিজেপি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের জন্মদিন উপলক্ষে দলের সাংসদ ও নেতাদের দুপুরে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়েছিল। যেখানেই রাহুল গান্ধী আচমকা নেতাদের বলেন, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা নিয়ে ছাত্ররা তাদের মত আন্দোলন করছে।
কংগ্রেসকেও আন্দোলনের ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে। সেইমতো প্রধানমন্ত্রীর বাসভবন অভিমুখে অভিযান শুরু করেন কংগ্রেস নেতারা। পুলিশের বক্তব্য এই বিষয়ে আগাম কোনও ঘোষণা না থাকায় তারা অপ্রস্তুত ছিল।
লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে বোঝাতে প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জীতেন্দ্র সিংহ এবং স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ঘটনাস্থলে যান। লোকসভার বিরোধী দলনেতাকে তারা জানান সরকার নিট ইস্যুতে সংসদে আলোচনায় রাজি। রাহুলকে তাঁরা আর্জি জানান অবস্থান বিক্ষোভ তুলে নিতে।
রাহুল তাঁদের আর্জিতে সাড়া না দেওয়ায় পুলিশ পরে তাঁকে সেখান থেকে বাসে করে সংসদ মার্গ থানায় নিয়ে যায়। আটক হন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও। রাতে ধৃতদের মুক্তি দেয় পুলিশ।
এদিকে, দিল্লি হাইকোর্টের নির্দেশে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।
সোমবারের ‘চলো সংসদ’ মিছিলে অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। CJP, আম আদমি পার্টি ও অন্যান্য সংগঠন আটক ছাত্রদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে।

পুলিশের বক্তব্য, মিছিল করার কোনও অনুমতি ছিল না। সংসদ ও লাগোয়া এলাকায় ফৌজদারী দণ্ডবিধির ১৬৩ (আগের ১৪৪) ধারা জারি ছিল। ব্যারিকেড, মেট্রো স্টেশন বন্ধ এবং মোবাইল ইন্টারনেট স্থগিত থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ যন্তর মন্তরে জড়ো হয়ে সংসদের দিকে এগিয়ে গেলে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সোমবারের সংসদ অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার এনডিএ সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিটের প্রশ্ন ফাঁস নিয়ে প্রথমবার মুখ খোলেন। তিনি অপরাধীদের কঠোর সাজা নিশ্চিত করার আশ্বাস দেন। সেই সঙ্গে বলেন এটি কোনও একটি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বিষয় নয়। ফলে এ নিয়ে দলীয় রাজনীতি অনর্থক। মোদীর বক্তৃতায় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রসঙ্গ ছিল না।
প্রধানমন্ত্রীর সুরেই কংগ্রেসকে আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী প্রধান। রাহুল গান্ধীর আন্দোলনের নিন্দা করে প্রধান বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে ছাত্রদের ব্যবহার করে কংগ্রেস সংসদের বর্ষাকালীন অধিবেশন ভেস্তে দিতে চাইছে। তিনি বলেন, সরকার নিট (NEET) নিয়ে আলোচনা এবং ছাত্রদের প্রকৃত উদ্বেগের সমাধানে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর মতে, ছাত্রদের রাজনৈতিক প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

বার্তা দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। NEET প্রশ্নফাঁসে জড়িতদের রেয়াত করা হবে না বলে জানিয়েছেন। তারপরও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আন্দোলনের নামে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় বসেন। এই নিয়ে এবার রাহুলকে বিঁধলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
ছাত্রদের সমস্যার সমাধান লক্ষ্য নয়, সংসদের বাদল অধিবেশনকে ব্যাহত করতে রাহুলরা এই ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছেন বলে সোশ্যাল মিডিয়ায় লিখলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। একইসঙ্গে জানিয়ে দিলেন, NEET ইস্যুতে সংসদে আলোচনায় প্রস্তুত কেন্দ্র।
