ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার গোবরডাঙা হিন্দু কলেজের এক শিক্ষক! জুতোর মালা পরিয়ে দেওয়া হল ডিম থেরাপি
deshersamay

দেশের সময় : প্রথমে কুপ্রস্তাব। তাতে রাজি না হওয়ায় প্র্যাকটিকাল পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে বাড়িতে ডেকে দুই ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার একটি কলেজের ভূগোলের শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই শুক্রবার কলেজের পড়ুয়ারা ওই শিক্ষককে চরম হেনস্থা ও মারধর করেন। এর জেরে কলেজে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কলেজে পৌঁছে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। কলেজ থেকে বের করার সময় ক্ষুব্ধ পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ঘিরে তাঁর গলায় জুতোর মালা পরিয়ে ডিম ছুড়ে মারে। পরে দুই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে গোবরডাঙা থানার পুলিশ।

কলেজের ভূগোল বিভাগের ওই শিক্ষক কয়েক বছর ধরে নিজের বাড়িতে প্রাইভেট টিউশন দেন। আশপাশের বেশ কয়েকটি কলেজের পড়ুয়ারা তাঁর কাছে পড়তে যান। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই শিক্ষক তাঁর কলেজের কয়েকজন ছাত্রীকে ‘কুপ্রস্তাব’ দিতেন। রাজি না হলে ছাত্রীদের প্র্যাকটিকাল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দিতেন বলে অভিযোগ। এর ফলে ওই শিক্ষকের বিরুদ্ধে অসন্তোষ এবং ক্ষোভ তৈরি হয়েছিল কলেজের পড়ুয়াদের মধ্যে।

অভিযোগ, সম্প্রতি ওই কলেজের দুই ছাত্রীকে ফের কুপ্রস্তাব দেন শিক্ষক। তাতে রাজি না হওয়ায় তাঁদেরও ভূগোলের প্র্যাকটিকাল পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখান তিনি। অভিযোগ, ওই দুই ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে তাঁদের শ্লীলতাহানি করেন তিনি। এর পরেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় কলেজের পড়ুয়াদের। শুক্রবার কলেজের ছাত্র-ছাত্রীরা অভিযুক্ত শিক্ষককে ঘিরে ধরে প্রথমে হেনস্থা করেন। পরে গণধোলাই দেন। খবর পেয়ে গোবরডাঙা থানার পুলিশ হস্তক্ষেপ করে। নিগৃহীতা দুই ছাত্রী আলাদা ভাবে শ্লীলতাহানি, কুপ্রস্তাব দেওয়ার দু’টি এফআইআর করেছেন শিক্ষকের বিরুদ্ধে। তার ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। দেখুন ভিডিও



