প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

স্বাধীনতা দিবসে নো মোবাইল, নো সেলফি! গোটা শহরে কড়া নজরদারি চালাবে পুলিশ

deshersamay

Share article:

স্বাধীনতা দিবসের  কুচকাওয়াজকে ঘিরে নিরাপত্তার বিষয়ে এতটুকু গাফিলতি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। শনিবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । একাধিক ভিভিআইপি ও ভিআইপির উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠান ঘিরে কড়া বার্তা দেওয়া হয়েছে কর্তব্যরত পুলিশকর্মীদের। সাম্প্রতিককালে শহরের উপকণ্ঠ থেকে পাক চর ও জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতারির ঘটনায় গোয়েন্দারা ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করেছেন। ফলে সামগ্রিক পরিস্থিতিতে এবার নিরাপত্তায় বাড়তি কড়াকড়ি রাখা হচ্ছে।

বৃহস্পতিবার থানা এবং ট্র্যাফিক গার্ডের ওসিদের মাধ্যমে ডিউটিতে থাকা সমস্ত পুলিশকর্মীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। ডিউটিতে থাকাকালীন কোনোভাবেই মোবাইলে চোখ রাখা, ছবি কিংবা ভিডিও তোলা যাবে না। লালবাজার সূত্রে জানানো হয়েছে, বিগত বছরগুলিতে দায়িত্ব পালন করার সময়ে অনেক পুলিশকর্মীকে সেলফি তুলতে বা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। এবার এই প্রবণতা পুরোপুরি বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে অনুষ্ঠান চলাকালীন আশপাশের মানুষজন ও দর্শকদের ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ এসেছে। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে মাল্যদান কর্মসূচিতে গেলে সাধারণত দর্শকরা রাস্তায় নেমে পড়েন এবং পুলিশের নজরদারি কিছুটা শিথিল হয়। তবে এবার পুরো অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনও দর্শককে রেড রোডে নামতে দেওয়া হবে না এবং পুলিশের ডিউটিও এক মুহূর্তের জন্য শিথিল হবে না।

নিরাপত্তার স্বার্থে শুক্রবার রাত থেকেই গোটা রেড রোড এলাকাকে নিশ্ছিদ্র সুরক্ষাবলয়ে মুড়ে ফেলা হচ্ছে। পুরো এলাকাকে প্রায় ১৫টি সেক্টরে ভাগ করা হয়েছে, যার প্রতিটির দায়িত্বে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক। সামগ্রিক নিরাপত্তার তদারকিতে থাকছেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, ৬ জন যুগ্ম কমিশনার, ২০ জন ডিসি এবং ৪০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। নিরাপত্তার স্বার্থে তৈরি করা হচ্ছে ৬টি ওয়াচ টাওয়ার এবং ১১টি বাঙ্কার। রেড রোডেই মোতায়েন থাকছে ১,৫০০ পুলিশকর্মী, কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স এবং কম্যান্ডো বাহিনী। এছাড়া সমগ্র কলকাতা শহর জুড়ে অতিরিক্ত আরও ৩,০০০ পুলিশ মোতায়েন করা হবে।

নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে রেড রোডে দফায় দফায় তল্লাশি চালাবে বম্ব স্কোয়াড ও পুলিশ কুকুর। সাধারণ দর্শকদের ভিড়ে মিশে থাকবেন সাদা পোশাকের পুলিশকর্মীরা। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য রেড রোড ও ময়দান সংলগ্ন কিছু রাস্তায় যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের ২৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে কড়া নাকা চেকিং। এছাড়া নিরাপত্তা সুনিশ্চিত করতে টহল দেবে ৯টি পিসিআর ভ্যান এবং ৩টি কুইক রেসপন্স টিম। শহরের নানা প্রান্তে মোট ১৯টি পুলিশ পিকেট, মেট্রো স্টেশনগুলিতে ২৫টি পিকেট এবং একাধিক ঘিঞ্জি বাজার, শপিং মল, কালীঘাট মন্দির ও অন্যান্য ৭টি ধর্মস্থান মিলিয়ে মোট ২৪টি পিকেট বসানো হচ্ছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন