রথযাত্রায় দেশবাসীকে শুভেচ্ছা মোদীর, রাস্তা ঝাঁট দিয়ে ইসকনে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী- শুভেন্দু অধিকারী , মায়াপুরে দাঁড়িয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপের!
deshersamay


আজ রথযাত্রা। উৎসবের এই তিথিতে রাজ্য তথা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে যখন উৎসবের আবহে শুভেচ্ছা বার্তার বন্যা, ঠিক তখনই রথের সকালে মায়াপুরে দাঁড়িয়ে রাজ্যের শাসকদলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ।

এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে রথযাত্রার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, “রথযাত্রার এই পবিত্র মুহুর্তে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এটি ভারতের চিরন্তন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ। রথযাত্রার সঙ্গে যুক্ত ঐতিহ্যগুলি ভারত তথা সমগ্র বিশ্বের প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এই উৎসব আমাদের বিনয়, অংশগ্রহণ এবং নিঃস্বার্থ সেবার শিক্ষা দেয়।” দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী আরও লেখেন, “মহাপ্রভু জগন্নাথ যেন সকলকে সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি প্রদান করেন। তিনি যেন আমাদের সমস্ত প্রচেষ্টাকে সফল করার শক্তি দেন এবং সমাজে একতার ভাবনাকে আরও গভীর করেন। জয় জগন্নাথ!”

Greetings to everyone on the sacred occasion of Rath Yatra. This is a radiant expression of India’s timeless spiritual and cultural heritage. The traditions associated with the Rath Yatra have inspired generations across India and the world. They embody humility, collective…
— Narendra Modi (@narendramodi) July 16, 2026
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় দেশ ও রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে তিনি লেখেন, “শুভ রথযাত্রার পবিত্র তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র দেব ও মাতা সুভদ্রা দেবীর চরণে জানাই শতকোটি প্রণাম। প্রভুর অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। তাঁর আশীর্বাদে আমাদের দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ হোক এই প্রার্থনা করি। পবিত্র রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও শুভকামনা। জয় জগন্নাথ।”

এদিন কলকাতার অ্যালবার্ট রোডের ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথযাত্রা শুরুর আগে রাধামাধবের বিগ্রহের সামনে আরতি করেন। তারপর রাস্তা ঝাঁট দিয়ে কলকাতা ইসকনে রথযাত্রার সূচনা করেন তিনি। তিনি বলেন, ‘কলকাতা ইসকনের ৭১তম রথযাত্রায় উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। ইসকনের সঙ্গে মিলে রাজ্য সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ১ অগস্ট থেকে মিড ডে মিলের দ্বায়িত্বে থাকছে ইসকন। আগামী দিনেও ইসকন এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গেও কাজ করবে রাজ্য সরকার।’ এর পরে মুখ্যমন্ত্রী যান তমলুক এবং মেচেদায়।
শুভ রথযাত্রার পবিত্র তিথিতে শ্রীশ্রী জগন্নাথ দেব, শ্রীশ্রী বলভদ্র দেব ও মাতা সুভদ্রা দেবীর চরণে জানাই শতকোটি প্রণাম।
— Suvendu Adhikari (@SuvenduWB) July 16, 2026
প্রভুর অশেষ কৃপায় সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। তাঁর আশীর্বাদে আমাদের দেশ, সমাজ ও মানবজাতির সর্বাঙ্গীণ মঙ্গল ও কল্যাণ সাধিত হোক এই প্রার্থনা… pic.twitter.com/jTt9bddM7X
উৎসবের এই বিশেষ দিনে সকালেই মা এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে ইসকনের সদর দফতর মায়াপুরে পৌঁছন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে সপরিবারে পুজো দেন তিনি, অংশ নেন ভগবানের বিশেষ আরতিতেও। এরপর মন্দিরের গোশালায় গিয়ে গোমাতার পুজো করেন দিলীপবাবু।
তবে ভক্তিভাবের মাঝেই চড়েছে রাজনীতির পারদ। মায়াপুরে দাঁড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি। দলবদলু ও তৃণমূলের প্রতি হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, “তৃণমূলের জন্য বিজেপির দরজা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।” “এখন থেকে মশা, মাছি পর্যন্ত আর (বিজেপিতে) ঢুকতে পারবে না।” রথযাত্রার পবিত্র আবহে একদিকে যেমন রাজ্য জুড়ে উৎসবের মেজাজ, তেমনই দিলীপ ঘোষের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

রথে জমজমাট দিঘা থেকে মাহেশ
রথযাত্রায় জমজমাট দিঘা। সকাল থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে শুরু রয়েছে নানা রকম আচার অনুষ্ঠান। জগন্নাথ মন্দির তৈরি হওয়ার পরে চলতি বছর দ্বিতীয়বার রথযাত্রা হতে চলেছে দিঘায়। তবে শুধু দিঘা নয়, সেজে উঠেছে মহিষাদলের ঐতিহ্যবাহী রথও। ২৫০ বছরেরও বেশি প্রাচীন মহিষাদলের রথ। সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের দু’টি রথযাত্রার উদ্বোধনে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

