প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পানশালায় ডাকাতির অভিযোগ, পুলিশি হেফাজতে মলয় আঢ্য

deshersamay

Share article:

দেশের সময় : বনগাঁর একটি পানশালায় ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হল শহরের প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যের ভাই মলয় আঢ্যকে। মঙ্গলবার রাতে শিমুলতলায় বাড়ি থেকে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনাটি ঘটেছিল গত রবিবার গভীর রাতে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র হাতে লোকজন নিয়ে গিয়ে মলয় পানশালার ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও সোনার হয়না লুট করে। পানশালা কর্তৃপক্ষ এবং কর্মীদের মারধর করা হয়।

বুধবার মলয়কে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক নয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বনগাঁ শহরের মতিগঞ্জ বাজারে ব্যবসায়ী নিতাই দাসের একটি আবাসিক হোটেল ও পানশালা রয়েছে । অভিযোগ, রবিবার গভীর রাতে দলবল নিয়ে সেখানে ঢোকেন মলয় আঢ্য । হোটেলের কর্মীদের হুমকি দেওয়ার পাশাপাশি মারধর করা হয় বলেও অভিযোগ । হামলায় গুরুতর জখম হন ব্যবসায়ীর ছেলে । তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে পরিবারের দাবি । দেখুন ভিডিও

আরও অভিযোগ, হামলার সময় ক্যাশবাক্স থেকে প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা । ঘটনার পর সোমবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিতাই দাসের মেয়ে তপশ্রী দাস । অভিযোগপত্রে মলয় আঢ্য-সহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে । পাশাপাশি ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেন অভিযোগকারী ।

তপশ্রীর দাবি, “আমার বাবা গত 30 বছর ধরে সততার সঙ্গে ব্যবসা করছেন । কোনও দিন তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠেনি । অথচ পরিকল্পনা করে আমাদের হোটেলে হামলা চালানো হয়েছে । আমার ভাইকে বেধড়ক মারধর করা হয়েছে । ক্যাশবাক্স থেকে নগদ টাকা লুট হয়েছে । আমরা চাই, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ।”

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ । তদন্তকারীদের দাবি, ফুটেজে গোলমালের ঘটনায় মলয় আঢ্যের উপস্থিতির প্রাথমিক প্রমাণ মিলেছে । এরপরই মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাঁকে । বনগাঁ পুলিশ জেলার এক পদস্থ আধিকারিক বলেন, “মলয় আঢ্যের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে । সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখেই তাঁকে গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত চলছে । অন্য অভিযুক্তদের খোঁজেও তল্লাশি চলছে ।”

রাজনৈতিক মহলেও ঘটনাটি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে । মলয় আঢ্য বনগাঁর প্রভাবশালী তৃণমূল নেতা শংকর আঢ্যের ভাই । অতীতে পুরসভা নির্বাচনে প্রার্থী হলেও তিনি জয়ী হতে পারেননি । শংকর আঢ্য নিজেও রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন এবং পরে জামিনে মুক্তি পান । সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে তাঁর মেয়ে ঋতুপর্ণা আঢ্য বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেও বিজেপির স্বপন মজুমদারের কাছে পরাজিত হন ।

মলয় আঢ্যের গ্রেফতারির ঘটনায় বনগাঁর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে । তবে অভিযোগের বিষয়ে ধৃত বা তাঁর পরিবারের কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি । তদন্ত শেষেই গোটা ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন