অভিষেক ‘পুলিশকে ওয়ার্নিং’ দিতেই শুভেন্দু বললেন, ‘সোডিয়াম-পটাশিয়াম কমে গিয়েছে’
deshersamay


পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । নাম সহ প্রত্যেক অফিসারকে চিহ্নিত করে রাখছেন বলেও বার্তা দিয়েছেন তিনি। এ কথা শুনেই পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন ‘আমরা সব দেখছি।’

অভিষেকের দাবি, রাজনৈতিক নেতাদের সন্তুষ্ট করতে গিয়ে একাংশের পুলিশ আধিকারিক তৃণমূলকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে যাঁরা কাজ করছেন, সরকার বদলালে তাঁদের কাউকেই রেয়াত করা হবে না।

অভিষেক বলেন, “যাঁরা ভাবছেন শুভেন্দু অধিকারীর অঙ্গুলি হেলনে কাজ করবেন, প্রত্যেক অফিসারকে সাবধান করে দিয়ে যাচ্ছি, সরকার যখন বদলাবে তখন কেউ বাঁচাবে না। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি ভাবেন কারও পায়ে এসে পড়বেন, আর বেঁচে যাবেন, কেউ বাঁচাবে না। তার দায়-দায়িত্ব আমার।”

অভিষেকের এই বক্তব্য প্রসঙ্গে শুভেন্দু অধিকারী শুক্রবার বলেন, “আমার মনে হয় যে চ্যালা ক্যামাক স্ট্রিটের টাকা তুলত, সে সব বলে দিয়েছে। ১৫ বছর সরকারে ছিল, তাই ওদেরও তিন-চারটে লোক থাকতে পারে, যাদের সঙ্গে ফেসটাইমে কথা বলে।”
অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন, “মনে হয় সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে। নিউইয়র্কে যেতে চাইছেন যান। আমরা এনওসি করে দেব। আমরা সব দেখছি।”


