Kaliganj Bye-Election Results : প্রতি রাউন্ডে মাইলেজ বাড়াচ্ছে তৃণমূল, কালীগঞ্জে ফের উড়বে সবুজ আবির?
deshersamay
একদিকে তৃণমূলের টিকিটে লড়েছেন আলিফা আহমেদ। ন্যদিকে বিজেপির টিকিটে লড়েছেন আশিস ঘোষ। বৃহস্পতিবারের উপনির্বাচনে ভোট পড়েছিল ৬৯ শতাংশ। আজ সেই নির্বাচনের ফল প্রকাশ।
সোমবার সকাল ৮টায় শুরু হয়েছে কালীগঞ্জ উপনির্বাচনের ভোটগণনা। পানিঘাটা হাইস্কুলে টানটান উত্তেজনা। প্রথমেই গণনা হয়েছে পোস্টাল ব্যালটের। তাতে বিজেপি প্রার্থী আশিস ঘোষকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। বর্তমানে ১২ রাউন্ড শেষে তৃণমূল পেয়েছে ৫৬ হাজার ৪০৪টি ভোট। বিজেপি পেয়েছে ২৫ হাজার ৪৩৭টি ভোট ও বাম কংগ্রেসের জোট পেয়েছে ১৮ হাজার ৭৭০টি ভোট।
মোট ২৩ রাউন্ড গণনা হবে। নির্বাচন কমিশনের আশা, বেলা সাড়ে ১২টার মধ্যেই সম্পূর্ণ ফল ঘোষণা করা সম্ভব হবে।
এই উপনির্বাচন শুধুই একটি কেন্দ্রের ভোট নয়, অনেক বড় অর্থবহন করছে রাজনৈতিক মহলে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই উপনির্বাচন কার্যত অ্যাসিড টেস্ট শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী বিজেপির কাছে। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর ফলে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। তৃণমূলের টিকিটে লড়েছেন তাঁরই মেয়ে আলিফা।
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, কালীগঞ্জ কেন্দ্রে মোট ভোটার ২,৫২,৬৭০ জন। তার মধ্যে পুরুষ ১,৩০,৩৬৩ এবং মহিলা ভোটার ১,২২,৩০৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। একটি বিশেষ সামারি রিভিশনের পর মূল ভোটার তালিকা থেকে ৫,৮৪০ জনের নাম বাদ পড়েছে। সেই হিসাবে মোট ভোটার কমেছে ০.৮৭ শতাংশ।
এই নির্বাচনে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেভাবে নিরাপত্তা ও প্রযুক্তির উপর নির্ভর করেছে কমিশন তা নিঃসন্দেহে ছিল চোখে পড়ার মতো। বুথের ভিতরে তো বটেই, এবার বাইরেও ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হয়। প্রত্যেকটি কুইক রেসপন্স টিমের গাড়ির মাথায় ও র্যাপিড অ্যাকশন ফোর্সের গাড়িতেও লাগানো হয় ক্যামেরা, যাতে সারাদিন লাইভ স্ট্রিমিং চলে। কোনও হিংসা বা অনিয়ম হলে যাতে সঙ্গে সঙ্গে নজরে আসে, তার জন্যই এই উদ্যোগ নেয় কমিশন।
নির্বাচনের নিরাপত্তায় মোতায়েন করা হয় ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় দু’হাজার রাজ্য পুলিশ। কাজ করেছে ২০টি কুইক রেসপন্স টিম ও ৮টি র্যাপিড অ্যাকশন ফোর্স ইউনিট। ভোটারদের সুবিধার্থে ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বুথের বাইরে লাঠিধারী পুলিশ মোতায়েন ছিল। সাহায্য করছে NCC এবং NSS-এর ছাত্রছাত্রীরাও।
আজ গণনা ঘিরেও যথেষ্ট নিরাপত্তা রয়েছে। পুলিশ টহল দিচ্ছে। কোনওরকম অশান্তি এড়াতে চলছে কড়া নজরদারি।
