Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

India Bangladesh Border : চোখে জল, মনে আতঙ্ক নিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশীদের!পেট্রাপোল সীমান্তে বিএসএফ-র ডিজি,অনুপ্রবেশের আশঙ্কায় কড়া নজরদারি: দেখুন ভিডিও

deshersamay

Share article:
পার্থ সারথি নন্দী, দেশের সময়

পেট্রাপোল: চোখে জল,মনে আতঙ্ক নিয়ে মঙ্গলবার সকালে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলেন বাংলাদেশের কচুয়াবাগেরহাট এলাকার বাসিন্দা বিশ্বজিৎ সাহা! তিনি জানান,সে দেশের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । তাই প্রাণের ভয়ে ভারতে কয়েক দিনের ডিসা নিয়ে চলে এসেছেন ভারতে । ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও ফিরতে চান না দেশে । প্রয়োজনে ভারতের জেলে থাকতেও রাজি । দেখুন ভিডিও

প্রতিবাদের আগুনে জ্বলছে বাংলাদেশ। অবাধে চলছে খুন-লুঠতরাজ। এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কায় ‘নাইট ভিশন’ ক্যামেরা নিয়ে সোমবার সারা রাত পাহারারত বিএসএফ। সোমবার দুপুরের পর থেকেই বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সতর্ক রয়েছে বিএসএফ। মঙ্গলবার, উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে আসেন বিএসএফ-এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। সূত্রের খবর, আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ডিজি।

উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পেট্রাপোল সীমান্তে বন্ধ করে দেওয়া হয়েছে আমদানি-রপ্তানি প্রক্রিয়া। তবে যাত্রী পারাপার হচ্ছে। ভারত থেকে পিঁয়াজ, লঙ্কা সহ খাদ্যদ্রব্য বাংলাদেশে রপ্তানি করা হলেও, বাংলাদেশ থেকে ভারতে আমদানি করা হয় চট, জামা-কাপড়, চানাচুর, বিস্কুট, প্লাস্টিকের আইটেম, রান্নার তেল, ঝাড়ু। সে ক্ষেত্রে বাংলাদেশে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায় পণ্য আদান-প্রদান।

বাংলাদেশ থেকে ভারতে আসা পণ্যের ক্ষেত্রে তেমনভাবে প্রভাব না পড়লেও, ব্যবসায়িক ক্ষতি হবে বলেই আশঙ্কা করছেন পেট্রাপোল ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং বিভাগের সম্পাদক কার্তিক চক্রবর্তী। ওপার বাংলায় অস্থির পরিস্থিতির কারণে এপার বাংলার সীমান্ত এলাকায় ব্যবসাতেও ব্যাপক প্রভাব পড়েছে ইতিমধ্যে । যাত্রী পরিবহণ বন্ধ থাকায় অটো ও ছোট গাড়িগুলিতে কোনও ভাড়া হচ্ছে না। মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও প্রায় জনশূন্য। বাংলাদেশে এখনও আটকে বহু ভারতীয় পণ্যবাহী ট্রাক চালক ও খালাসিরা। পেট্রাপোল বন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ৩৫৬ জন ভারতীয় ট্রাক চালক ও খালাসি বেনাপোল বন্দর থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে । সীমান্ত জারি কড়া নিরাপত্তা ব্যবস্থা। টহল দিচ্ছে বিএসএফ জওয়ান ।

অন্যদিকে, মালদা জেলার মহদিপুর স্থলবন্দরে আপাতত বন্ধ রপ্তানি। তবে মঙ্গলবার সকালে মহদিপুর বন্দরে এ দেশের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে জিরো পয়েন্টে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয় ইতিমধ্যেই ২২৯ টি গাড়ি বাংলাদেশে আটকে রয়েছে। গাড়িগুলি খালি করার কাজ ইতিমধ্যে বাংলাদেশে শুরু হয়েছে। খালি গাড়িগুলি আনতে ১১২ জন ভারতীয় লরি চালক বাংলাদেশে যাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

কোচবিহার জেলায় চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও মঙ্গলবার ইমিগ্রেশন চেকপোস্ট খোলা রয়েছে। এদিন সকাল থেকে দু’দেশের বাসিন্দারা যাতায়াত শুরু করেছেন। পাশাপাশি, ২০০-র বেশি ট্রাক যেগুলো পণ্য নিয়ে ওপারে গিয়েছিল, সেই ট্রাকগুলো ফিরিয়ে আনার জন্য এদেশ থেকে ট্রাক চালকেরা বাংলাদেশে যাচ্ছেন।

বিধ্বংসী আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপরেও জ্বলছে বাংলাদেশ। ১৩টি থানা ও দুটি কারাগারে হামলা চালিয়ে একাধিক বন্দিকে মুক্ত করেছেন আন্দোলনকারীরা। এদের মধ্যে রয়েছে জামাতের সদস্য থেকে ইসলামিক ছাত্র শিবিরের সদস্যরা। এতেই আশঙ্কার প্রহর গুনছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী। কারণ হাসিনা সরকারের আমলে ভারত বিরোধী কার্যকলাপের অভিযোগে জামাত ও ইসলামিক ছাত্র শিবিরের অনেককে গ্রেফতার করা হয়েছিল। তারা আবার মুক্তি পেয়ে একই কাজে লিপ্ত হতে পারে বলে বিএসএফের আশঙ্কা।


তাই বাংলাদেশের সমস্ত সীমান্তে চলছে কড়া নজরদারি। বিশেষ করে যে এলাকায় কাঁটাতার নেই, সেই অংশে নাইট ভিশন ক্যামেরা লাগানো হয়েছে। প্রতি মুহূর্তের পরিস্থিতির ওপর নজর রাখছেন বিএসএফ জওয়ানরা।

দক্ষিণবঙ্গের ঘোজাডাঙা, বনগাঁর পেট্রাপোলের পাশাপাশি উত্তরের মহদিপুর, হিলি, ফুলবাড়ি, চ্যাঙরাবান্ধায় বিশেষ নজরদারি চলছে।  দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্ত রয়েছে ৯১৩.৩২৪ কিমি এবং জলসীমান্ত রয়েছে ৩৬৩.৯৩০ কিমি। অন্যদিকে, উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থলসীমান্ত রয়েছে ৯৩৬.৭০৩ কিমি। দক্ষিণবঙ্গে প্রায় ৫৩৮ কিমি এবং উত্তরবঙ্গে ৩৭৫ কিমি অংশে কোনও কাঁটাতার নেই। এই অংশটি নিয়েই চিন্তিত বিএসএফ।

দিন ও রাতের যে কোনও সময় অনুপ্রবেশ ঘটার আশঙ্কায় কড়া নজরদারি রয়েছে। বিএসএফ কর্তারা জানান, বাংলাদেশে যেভাবে হিংসাত্মক ঘটনা জারি রয়েছে তাতে বহু মানুষই প্রাণভয়ে সীমান্ত অতিক্রম করতে চাইবেন। এই পরিস্থিতিকে সামাল দিতে তৈরি থাকতে বলা হয়েছে জওয়ানদের।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন