গ্রেফতার ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি তথা তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুন্ডু
deshersamay

জমি লুট, ফ্ল্যাট জবরদখল, টাকা হাতানো ইত্যাদি একাধিক অভিযোগে তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান উত্তম কুন্ডুকে গ্রেফতার করল পুলিশ। বর্তমানে উত্তম ঋতব্রত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতিও বটে। বুধবার কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক শিবিরের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি পদে রয়েছেন।বৃহস্পতিবার তাঁকে চন্দননগর আদালতে হাজির করানো হবে। পুলিশ সূত্রে খবর,তারকেশ্বর থানার ৩০৮/২০২৬ নম্বর মামলার ভিত্তিতেই চালানো হয় এই অভিযান।

উত্তম কুন্ডুর বিরুদ্ধে কলকাতার এক ব্যবসায়ীর জমি হাতিয়ে নেওয়া, ৪০ লক্ষ টাকা আত্মসাৎ এবং ওই ব্যবসায়ীর নির্মাণাধীন ফ্ল্যাট জোর করে দখলের একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, গত ২৫ জুন কলকাতার প্রোমোটার রাজেশ আগরওয়াল তারকেশ্বর থানায় উত্তমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই প্রাক্তন এই চেয়ারম্যান আত্মগোপন করেছিলেন এবং বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন।

উল্লেখ্য, অতীতে যখন উত্তম কুন্ডু তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতির দায়িত্বে ছিলেন, সেই সময় আইএনটিটিইউসি (INTTUC)-র রাজ্য সভাপতি ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই সময় থেকেই তাঁদের মধ্যে এক সুসম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে শাসকদলে ভাঙন ধরলে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উত্তমকে তাঁদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি পদে নিয়ে আসেন।



