গোটা পুজোতেই কী ছাতা ব্যাগে রাখতে হবে? নাকি ঝলমলে আকাশ সঙ্গে মেঘের আনাগোনা, কেমন থাকবে আবহাওয়া জানুন
deshersamay

চতুর্থীর পর পঞ্চমীর দুপুরেও বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ষষ্ঠীর সকালে কিছু জায়গায় আকাশের মুখ ভার। পুজোর শুরুর দিকের দিনগুলোতে ঠাকুর দেখার পরিকল্পনায় কিছুটা বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, ষষ্ঠী ও সপ্তমীতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। অষ্টমী থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা। প্যান্ডেল হপিংয়ে বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখাই ভাল।

মহাষষ্ঠীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টির পাশাপাশি গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকতে পারে।

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির আশঙ্কা আপাতত নেই।


উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত পরিস্থিতি এমনই থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।
এ বছর তিথি অনুযায়ী সপ্তমী দু’দিন, শনিবার ও রবিবার।

এই দু’দিনেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমে বৃষ্টি তুলনামূলক বেশি হতে পারে। কিন্তু আবহবিদরা জানাচ্ছেন, দুর্যোগের কোনও পরিস্থিতি তৈরি হবে না।

অষ্টমী, সোমবার থেকে দুই বঙ্গেই ঝকঝকে আবহাওয়া থাকবে, ফলে অঞ্জলি দিতে আর শেষ মুহূর্তের আনন্দ চেটেপুটে নিতে কোনও অসুবিধা হবে না কারও।


