দুর্যোগের মেঘ! রবিতেও ঝেঁপে বৃষ্টি কলকাতায়? ১০ জেলা ভাসবে ভারী বৃষ্টিতে, মৎস্যজীবীদের জন্যেও নিষেধাজ্ঞা
deshersamay


সাগরে ফের নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে! বঙ্গোপসাগরে এই নতুন নিম্নচাপ সৃষ্টি হলেই বাংলা জুড়ে ফের প্রবল ঝড়বৃষ্টির দাপট বাড়বে। যদিও আজ, রবিবাসরীয় সকালে কালো মেঘের আনাগোনা নেই আকাশে। কিন্তু আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে যার উচ্চতা ৭.৬ কিলোমিটার পর্যন্ত। এর জেরেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে আর কয়েক ঘণ্টার মধ্যেই।

একেই বর্ষার অবিরাম বৃষ্টি। তার মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট শুরু হবে। এর মধ্যেই আজ, রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। রবিবার পূর্ব বর্ধমান, বীরভূম এবং সোমবার পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতাও।

আগামী মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়নি। যদিও বিক্ষিপ্তভাবে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এবং শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।

আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।
এরপর আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী সাতদিন বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে সব জেলায় সতর্কতা জারি হয়নি।
