দলবিরোধী কার্যকলাপের অভিযোগ , বহিষ্কৃত গোবরডাঙা পৌরমণ্ডলের বিজেপি নেতা
deshersamay

রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের বয়স এখনও তিন মাস হয়নি। এর মধ্যেই নির্বাচন পরবর্তী সময়ে দলবিরোধী কার্যকলাপের জন্য গোবরডাঙা পৌর মণ্ডলের বিজেপির সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়কে অনির্দিষ্ট কালের জন্য দল থেকে বহিষ্কার করল রাজ্য বিজেপির শৃঙ্খলারক্ষা কমিটি। গোবরডাঙা পৌরমণ্ডলের বিজেপির সভাপতি আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নির্বাচনী প্রচারের সময় থেকেই দলের একাংশের দ্বন্দ্ব তৈরি হয়। স্টেশন সংলগ্ন একটি পার্টি অফিসে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

বিজেপির একাংশের অভিযোগ, আশিস তাঁর বাড়িতেই দলের কাজকর্ম চালাতেন। তাঁর বিরুদ্ধে দলের একাংশ দলের রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগও জানিয়েছিলেন। তার ভিত্তিতে দলের রাজ্য শৃঙ্খভ্রক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে আশিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের চিঠিতে প্রতাপ জানিয়েছেন, নির্বাচনের পরে দলের কর্মীদের হুমকি দেওয়া, শারীরিক হেনস্থা করা, তোলাবাজি ও সোশ্যাল মিডিয়ায় অনৈতিক তথ্য ছড়ানোর অভিযোগে আশিস বন্দ্যোপাধ্যায়কে দল থেকে অনির্দিষ্ট কালের জন্য বহিষ্কার করা হলো। আশিস বলেন, ‘চিঠি এখনও হাতে পাইনি।’

