দেশের সব রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে ফেরত পাঠাতে বড় নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
deshersamay

দেশে অবৈধ বসবাসকারীদের ধরে ধরে ফেরত পাঠানো হবে। আগেই বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এবার বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আগামী বছরের মধ্যে দেশের সব রাজ্যের রাজধানীতে গড়ে উঠবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার্স অফিস (Foreigners regional registration officer offices) বা এফআরআরও (FRRO)। কেন এই অফিস এত গুরুত্বপূর্ণ?

এই মুহূর্তে দেশব্যাপী বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করানো বা তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এফআরআরও (FRRO)। এবার প্রতিটি রাজ্যেই এই অফিস তৈরি করা হবে। এতে ডিপোর্টেশন বা অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হবে।

দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা এবং ইমিগ্রেশন (Immigration) পরিকাঠামো খতিয়ে দেখতে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকেই তিনি নির্দেশ দেন, দেশের সব রাজ্যে এফআরআরও (FRRO) অফিস গড়ে তুলতে হবে।

এই মুহূর্তে মাত্র ১২টি জায়গায় রয়েছে এই অফিস। অধিকাংশ জায়গাতেই সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এপআরআরও অফিসারের ভূমিকা পালন করছেন।
এই বৈঠকে বিমানবন্দরগুলির ইমিগ্রেশন (Immigration) পরিকাঠামোও খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের কারণে জনবিন্যাসের বদল, সীমান্তে বেড়া দেওয়ার কাজ কতটা এগিয়েছে- এই সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আজ রিপোর্ট নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কাছে রিপোর্ট জমা দেবেন সীমান্ত লাগোয়া জেলাগুলির পুলিশ সুপাররা। পশ্চিমবঙ্গ, জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার ও উত্তর-পূর্বের রাজ্যের এসপিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

