চন্দননগরের মঞ্চ থেকে ১,০০০ কোটির মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর
deshersamay

কোচবিহারের মদনমোহন জিউ মন্দির থেকে তারাপীঠ পর্যন্ত এক বৃহৎ তীর্থক্ষেত্র সার্কিট গড়ে তোলার ঘোষণা করল রাজ্য সরকার। আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রাচীন মঠ ও মন্দিরগুলোর সংস্কার এবং হেরিটেজ কমিশনকে পুনরুজ্জীবিত করতে এক হাজার কোটি টাকা ব্যয় করা হবে।

শুক্রবার চন্দননগরের মেরির মাঠে জগদ্ধাত্রী উৎসবের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে যোগ দিয়ে এই বড়সড় ঘোষণার কথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, আসন্ন মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের রূপ দিতে প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

এদিন বিকেল পাঁচটা নাগাদ হেলিকপ্টারে চন্দননগর কুটির মাঠে নামেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে গাড়িতে সরাসরি চাউলপট্টির ঐতিহ্যবাহী ‘আদি মা’ জগদ্ধাত্রী পুজো মণ্ডপে গিয়ে পুজো দেন তিনি। পুজো কমিটির তরফে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় এবং চন্দননগরের বিখ্যাত জলভরা সন্দেশ উপহার দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য ও চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ।

আদি মা ট্রাস্টের প্রবীণ সদস্যদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, কলেজ জীবনে আত্মীয়তার সূত্রে তিনি বহুবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছেন। এরপর তিনি মানকুণ্ডু সার্কাস ময়দানের পুজোর উদ্বোধন করেন এবং সেখানে মণ্ডপ থেকে বেরিয়ে মেরির মাঠে যাওয়ার পথে হঠাৎই গাড়ি থেকে নেমে এক দর্শনার্থীর গলায় নিজের উত্তরীয় পরিয়ে দেন।

মেরির মাঠের মূল উদ্বোধনী অনুষ্ঠানে চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন। বন্দে মাতরম সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন মঞ্চ থেকে রিমোটের মাধ্যমে ৪০ ফুট উচ্চতার আলোর জগদ্ধাত্রী প্রতিমার উদ্বোধনের পাশাপাশি ‘জগদ্ধাত্রী উৎসব’ অ্যাপ ও গাইড ম্যাপ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এই অ্যাপের মাধ্যমে পুজোর মণ্ডপ, আলোকসজ্জা, পুলিশ সহায়তা কেন্দ্র, স্বাস্থ্য পরিষেবা ও পানীয় জলের সমস্ত তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে বিশিষ্ট আলোকশিল্পী শ্রীধর দাস এবং প্রয়াত আলোকশিল্পী বাবু পালের স্ত্রী চিত্রলেখা পালকে সংবর্ধনা দেওয়া হয়; সংগীত পরিবেশন করেন লোপামুদ্রা মিত্র।
বক্তব্য রাখতে গিয়ে চন্দননগরকে ‘হেরিটেজ নগরী’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী জানান, চন্দননগর ও ভদ্রেশ্বরের আলোকসজ্জায় সাড়ে ৩ কোটি টাকা এবং উৎসব সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে আরও সাড়ে ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পূর্ত দপ্তরের ৮টি সেবাকেন্দ্র ও পুরনিগমের ৪৫টি পানীয় জলের কিয়স্ক-সহ দর্শনার্থীদের জন্য যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, তাঁদের সরকারের মাত্র ছয় মাসের মাথায় দুর্গাপুজো, কালীপুজোর পর জগদ্ধাত্রী পুজোতেও কলকাতার গণ্ডি ছাড়িয়ে জেলার ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা চলছে, এবং আগামী রাস পূর্ণিমায় শান্তিপুর ও নবদ্বীপেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে।

রাজ্যে ধর্মীয় উৎসব পালনে কোনো বাধা না থাকায় এবার ১৩ হাজার দুর্গাপুজো এবং ৭ হাজার কালীপুজোর সংখ্যা বেড়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তবে কলকাতার চোরবাগানের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি আয়োজক, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের প্রশাসনের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান, যাতে কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে। অনুষ্ঠানে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব সৌমিত্র মোহন, মন্ত্রী সুমনা সরকার, একাধিক বিধায়ক, পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, জেলাশাসক খুরশিদ আলি কাদরী, জেলা বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি-সহ ১৮০টি জগদ্ধাত্রী পুজো কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
