CBI summons Anubrata Mondal:এসএসকেএম থেকে ছাড়া পেতেই ফের তলব, শনিবারই সাড়ে পাঁচটার মধ্যে অনুব্রতকে ডাকল সিবিআই
deshersamay

দেশের সময় ওয়েবডেস্কঃ এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেতেই অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই। শনিবার বিকেল সাড়ে ৫টার মধ্যে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে৷ গরু পাচার কাণ্ডে অনুব্রতকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

প্রসঙ্গত, ১৭ দিন ভর্তি থাকার পর শুক্রবারই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তৃণমূল নেতা৷ তার পরই ফের তাঁকে নোটিস পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷

গরু পাচার মামলায় একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই৷ গত ৬ এপ্রিলও তাঁকে তলব করে সিবিআই৷ কিন্তু নিজাম প্যালেসে যাননি তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি৷

অসুস্থ হওয়ায় ওই দিনই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত৷ চিঠি দিয়ে নিজের অসুস্থতার কথা সিবিআই-কে জানিয়েছিলেন তৃণমূল নেতা৷ হাসপাতালের পক্ষ থেকে অবশ্য অনুব্রত মণ্ডলকে বিশ্রামে থাকতে বলা হয়েছিল৷ এবারেও অনুব্রত সিবিআই দফতরে হাজিরা দেন কি না, তা নিয়ে ফের জল্পনা তৈরি হয়েছে৷

অনুব্রত মণ্ডলের হৃদযন্ত্রের ধমণীতে দু’টি ব্লকেজ রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ এই মুহূর্তে নিউ টাউনের কাছে চিনার পার্কে নিজের ফ্ল্যাটেই রয়েছেন অনুব্রত৷




