বনগাঁর কালিয়ানী গ্রামে পুলিশি অভিযানে উদ্ধার ৫টি তাজা বোমা
deshersamay

দেশের সময়, বনগাঁ: বাংলাদেশ সীমান্ত লাগোয়া পেট্রাপোল থানার অন্তর্গত কালিয়ানী গ্রামে গভীর রাতে পুলিশি অভিযানে ৫টি তাজা বোমা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পেট্রাপোল থানার পুলিশ গতকাল গভীর রাতে গ্রামের বাসিন্দা যশবন্ত মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে এই আকস্মিক তল্লাশি অভিযান চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে যশবন্ত মণ্ডলের বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। যশবন্তের বাবা-মায়ের বয়ান অনুযায়ী, প্রতিদিনের মতো রাজমিস্ত্রির জোগাড়ের কাজ সেরে রাতে খাওয়া-দাওয়া শেষ করে রাত ১০টার মধ্যেই তাঁরা ঘুমিয়ে পড়েছিলেন। এরপর গভীর রাতে হঠাৎ পুলিশ তাঁদের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালানোর সময় বাড়ির পাশে থাকা বিচুলির গাদা এবং পরে পাটকাঠির গাদা থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করেন পুলিশ কর্মীরা। জিজ্ঞাসাবাদের জন্য রাতেই যশবন্ত মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বোমা উদ্ধারের ঘটনার পরপরই খবর দেওয়া হয় সিআইডি-র বোম ডিসপোজাল স্কোয়াডকে। আজ সকালে বোম স্কোয়াডের বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর সমস্ত রকম নিরাপত্তা বিধি মেনে অত্যন্ত সতর্কতার সাথে পুলিশের উপস্থিতিতে বোমাগুলি উদ্ধার করে একটি নিরাপদ ও নির্জন জায়গায় নিয়ে যাওয়া হয়। অবশেষে কালিয়ানী গ্রামেরই একটি জনহীন বাঁশবাগানের ভেতর বোমাগুলি সফলভাবে নিষ্ক্রিয় করেন সিআইডি-র কর্মীরা।

এদিকে এই ঘটনার পর থেকে কালিয়ানী গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এবং যশবন্তের পরিবারের দাবি, সে অত্যন্ত সাধারণ ঘরের ছেলে এবং রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে দিন গুজরান করে। কোনো অপরাধমূলক বা এই ধরনের বিস্ফোরক মজুত রাখার ঘটনার সাথে যশবন্ত জড়িত থাকতে পারে– তা কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না এলাকাবাসী। তাঁদের ধারণা, এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে। তাই ঘটনার পেছনে প্রকৃত সত্য উদঘাটনে একটি নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন গ্রামের মানুষ।


