বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও
deshersamay

দিশা বনিক : সম্প্রতি বনগাঁয় শিকদার পল্লীর কাছে যশোর রোডের ধারের শিরিস গাছের শুকনো ডাল ভেঙে মাথায় পড়ে মৃত্যু হয় এক যুবকের। আর এই ঘটনার পর নতুন করে জাতীয় সড়কের ধারের প্রাচীন গাছ বা গাছের শুকনো ডাল কেটে ফেলার দাবি আরও জোরালো হয়। এরপর আজ শনিবার সকালে প্রশাসনের সঙ্গে কথা বলে বনগাঁ উত্তরের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া ওই মৃত যুবকের বাড়িতে গিয়ে পরিবারের হাতে চার লক্ষ টাকার একটি চেক দিয়ে কথা দিলেন, আগামী ৭ দিনের মধ্যে গাছের ডাল কেটে ফেলার কাজ শুরু হবে।

উল্লেখ্য, সম্প্রতি বনগাঁর সিকদারপল্লী এলাকার বাসিন্দা, বছর ২৫ বয়সের যুবকের মাথার উপর একটি শুকনো ডাল ভেঙে পড়ায় মৃত্যু হয় বাপন বিশ্বাস নামে ওই যুবকের। সোনার গয়নার বাক্স তৈরির কাজে যুক্ত ওই যুবককে কাজের সূত্রে বনগাঁর বাইরে যেতে হয়। রবিবার ছুটি ছিল। আর তাই দুপুরের খাওয়া সেরে মোটরসাইকেল নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন।দেখুন ভিডিও

কিন্তু তিনি যে আর জীবিত অবস্থায় বাড়িতে ফিরবেন না, তা কল্পনাও করতে পারেন নি পরিবারের লোকেরা। যশোর রোড ধরে যাওয়ার সময় আচমকাই একটি শুকনো ডাল ভেঙে পড়ে ওই যুবকের মাথার উপর। আর তাতে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা ছুটে এসে তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি। প্রচন্ড আঘাতে শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।

পরিবার এবং প্রতিবেশীরা এই ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকেই দায়ী করেন। তাঁদের অভিযোগ, এর আগে একাধিক ঘটনায় গাছের ডাল ভেঙে বেশ কয়েকজনের মৃত্যু এবং আহত হওয়ার ঘটনা ঘটেছে। বহু আবেদনের করেও টনক নড়েনি প্রশাসনের। নানান বাহানায় এখনও পর্যন্ত মৃত গাছ বা গাছের বিপজ্জনক ডাল কাটার ব্যবস্থা করে উঠতে পারেনি প্রশাসন।

বনগাঁর যুবকের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর পেয়ে সেই সময় যুবকের বাড়িতে যান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। মৃত যুবকের পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন। পরিবার চাইলে তিনি পরিবারের একজন সদস্যকে সরকারি দপ্তরে অস্থায়ী কাজের ব্যবস্থা করে দেবেন বলেও জানান। পাশাপাশি, ওই বাড়িতে বসেই উত্তর ২৪ পরগনার জেলা শাসক সহ রাজ্যের বন দপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে যেভাবেই হোক অতি দ্রুততার সঙ্গে বিপজ্জনক গাছ বা গাছের ডাল কাটার ব্যবস্থা করার নির্দেশ দেন। সেই মত শনিবার ফের মৃত যুবকের বাড়িতে পোঁছান খাদ্য মন্ত্রী এবং এদিন চার লক্ষ্ অর্থ সাহায্য ও সেই সঙ্গে পরিবারের একজন সদস্যকে সরকারি দপ্তরে অস্থায়ী কাজের ব্যবস্থা করে দেবেন বলেও জানান।

অর্থ সাহায্য ও মন্ত্রীর আশ্বাস পেয়ে মৃত যুবকের মা বলেন এবং স্থানীয় বাসিন্দারা আরও জোড়াল দাবি জানান গাছ কাটার জন্য ।
