রাহুল দেবনাথ, দেশের সময়, বনগাঁ : নাওভাঙ্গা নদীতে স্থান করতে নেমে, পায়ে কিছু একটা স্পর্শ হল মনে হতেই জলে ডুব দিল গোপাল । আর এক ডুবেই নিষ্পাপ হাতটা গোপালের হাতের নাগালে আসতেই চমকে উঠলেন নরহরিপুরের বাসিন্দা গোপাল এবং তাঁর দুই সঙ্গী বিজয় ও পবন !
এদিকে ততক্ষণে নদীর তীরে ভিড় জমেছে স্থানীয় বাসিন্দাদের । ভিড়ের মাঝে কয়েক জন চিৎকার করে বলে উঠলেন ওর ভাইও আছে । এবার গোপাল, বিজয় – পবনরা বুঝে গেছেন । ফের তারা নদীতে খুঁজে পান আরও একটি নিষ্পাপ শিশুকে । অবশেষে তড়িঘড়ি ওই দুই শিশুকেই বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। দেখুন ভিডিও
খেলতে বেরিয়ে আর ফেরা হল না দুই শিশুর। উত্তর ২৪পরগনার পেট্রাপোল থানার নরহরিপুর গ্রাম এলাকার নাওভাঙ্গা নদীতে ডুবে মৃত্যু হল ভাই ও বোনের ।
পুলিশসূত্রে জানা গেছে, মৃত শিশুদের নাম অঙ্কিতা মন্ডল বয়স সাত বছর ও তার ভাই সিদ্ধার্থ মন্ডলের বয়স প্রায় পাঁচ বছর। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে গোটা নরহরিপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অঙ্কিতা ও তার ছোট ভাই সিদ্ধার্থ খাওয়া-দাওয়া সেরে খেলতে বের হয়। দীর্ঘ সময় কেটে গেলেও তারা বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করে। আশপাশের এলাকা তন্নতন্ন করে খোঁজ করলেও, দীর্ঘ প্রায় কয়েক ঘণ্টা কেটে গেলেও তাদের কোন খোঁজ না পেয়ে হতাস হয়ে যান অঙ্কিতা ও সিদ্ধার্থের পরিবারের সদস্যরা । এরই মাঝে হঠাৎই স্থানীয় এক ব্যক্তি পার্শ্ববর্তী ওই নাওভাঙ্গা নদীতে স্নান করতে নেমে তার পায়ে কিছু বাধার অনুভূতি পান। বিষয়টি নজর দিয়ে দেখতেই, জল থেকে টেনে তোলেন অঙ্কিতা মন্ডলের নিথর দেহ। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এরপর স্থানীয় বাসিন্দারা নদীতে নেমে খোঁজ করে সিদ্ধার্থের দেহও উদ্ধার করেন। একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুতে রীতিমতো শোকে পাথর গোটা পরিবার। এলাকার দুই শিশুর এমন করুন পরিণতি যেন কেউই মেনে নিতে পারছেন না।



