প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বাঙালির দেবী ষষ্ঠীই কি ‘ছটী মাইয়া’? ছটি মাইয়া আসলে কে? দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক

দেশের সময়:মাঠে হেমন্তের ধান যখন পেকে উঠেছে। রবি শস্যের সময়কে স্বাগত জানিয়েই শুরু হয় চার দিনব্যাপী এই উৎসব। মূলত সূর্যদেব (সূর্য) এবং ছটী মাইয়ার প্রতি উৎসর্গীকৃত এই মহাব্রতের নামই হল ছটপুজো। পঞ্জিকা অনুসারে, কার্তিক মাসের ষষ্ঠী তিথিতে পালিত হয় ছটপুজো। ছটপুজো সূর্য ষষ্ঠী নামেও পরিচিত। এখন প্রশ্ন হল, কে এই ‘ছটী মাইয়া’? অবাঙালিদের আরাধ্য এই দেবীই কি আসলে বাঙালিদের দেবী ষষ্ঠী?

একাধিক মতবাদ অনুসারে, এই ছটী মাইয়া হলেন সূর্যদেবের বোন। এই কারণেই এই উৎসবে সূর্যদেবের সঙ্গে পূজিত হন তিনিও। এই ছট মাইয়া বা ছটী মাইয়ার মধ্যে গভীর পৌরাণিক এবং ধর্মীয় যোগসূত্র রয়েছে। অনেক লোকবিশ্বাসে ছট মাইয়াকে ষষ্ঠী দেবীরই একটি রূপ বা আঞ্চলিক নাম হিসেবে বিবেচনা করা হয়।

দীপাবলির রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গিয়েছে ছট পুজো। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পাশাপাশি বাংলাতেও এখন বেশ ধুমধাম করে পালিত হয় এই উৎসব। মূলত সূর্যদেব ও ছঠি মাইয়ার আরাধনাকে কেন্দ্র করেই চার দিন ধরে চলে এই পুজো। দেখুন ভিডিও

উৎসবের মরশুমে এবার ছটপুজো। চলছে সূর্যদেবের আরাধনা । ছটপুজো উপলক্ষে অন্যান্য জায়গার মতন বনগাঁতেও তৈরি রাখা হয়েছে ইছামতী নদীর বিভিন্ন ঘাট।

বাংলা জুড়ে এখনও উৎসবের আবহ। দুর্গাপুজো, কালীপুজোর পর এবার ছটপুজো।যে পুজোর কেন্দ্রবিন্দু হলেন সূর্য দেবতা। সূর্যদেবের পাশাপাশি ছঠি মাইয়া বা ষষ্ঠী দেবীরও পুজো করা হয় ছটের সময়। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় বলেই উৎসবের এই নাম। সন্তানের মঙ্গল, রোগমুক্তি ও দীর্ঘায়ুর সঙ্গে ষষ্ঠীদেবীর সম্পর্ক ভারতীয় সংস্কৃতিতে বহু পুরনো লোকবিশ্বাস। ছটের ব্রতেও সন্তানের মঙ্গল, পরিবারের সুখ সমৃদ্ধি ও মনোবাঞ্ছা পূরণের কামনা করা হয়।

ছটি মাইয়া আসলে কে? জানেন ছট পুজোর সঙ্গে কীভাবে যোগ রয়েছে রামায়ণ-মহাভারতের?

১. ২০২৬ সালে কবে থেকে শুরু হয়েছে ছট পুজো?

কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি থেকে সপ্তমী পর্যন্ত চার দিন ধরে পালিত হয় ছট পুজো। প্রতি বছর দীপাবলির ষষ্ঠ দিনে এই উৎসবের প্রধান আয়োজন হয়। ২০২৬ সালে ১৩ নভেম্বর, শুক্রবার থেকে শুরু হয়েছে ছট পুজো। চলবে ১৬ নভেম্বর, সোমবার পর্যন্ত।

চার দিনের পুজোর দিনক্ষণ:
১৩ নভেম্বর, শুক্রবার: নহায়-খায়
১৪ নভেম্বর, শনিবার: খরনা
১৫ নভেম্বর, রবিবার: সন্ধ্যা অর্ঘ্য
১৬ নভেম্বর, সোমবার: ঊষা অর্ঘ্য বা সূর্যোদয় অর্ঘ্য

কাদের পুজো করা হয় ছট পুজোয়? কেন সূর্যদেবের আরাধনা?

ছট পুজো মূলত সূর্যদেবের উপাসনার উৎসব। সূর্যকে প্রাণশক্তি, আলো ও জীবনের উৎস বলে মনে করা হয়। মানুষের জীবনধারণ থেকে শুরু করে কৃষিকাজ, সব ক্ষেত্রেই সূর্যের ভূমিকা অপরিসীম। তাই পরিবারের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনায় সূর্যদেবের কাছে প্রার্থনা করেন ভক্তরা। এই পুজোয় সূর্যের পাশাপাশি তাঁর দুই পত্নী ঊষা ও প্রত্যুষারও আরাধনা করা হয় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। সূর্যের উদয় ও অস্ত এই দুই সময়েই অর্ঘ্য নিবেদন এই উৎসবের অন্যতম বিশেষ রীতি।

কে এই ছটি মাইয়া? কেন তাঁর পুজো করা হয়?

বিষয়টি খুব সহজ করেই বলা যাক। ছট মাইয়া এবং দেবী ষষ্ঠী, দুই দেবীরই পরিচয় সন্তানরক্ষাকারী দেবী হিসেবে। বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ-সহ একাধিক স্থানে ভক্তরা ছট মাইয়ার কাছে ছুটে যান সন্তানের মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করতে। একই ভাবে বাঙালির আরাধ্য দেবী হলেন দেবী ষষ্ঠী। তিনি সন্তানের রক্ষাকর্ত্রী। সন্তান লাভ এবং সন্তানের মঙ্গল কামনায় মহিলারা ষষ্ঠীপুজো করে থাকেন।

ষষ্ঠী তিথির সঙ্গেও সম্পর্ক রয়েছে দু’জনের। ‘ছট’ শব্দটির সঙ্গে সংস্কৃত ‘ষষ্ঠী’ শব্দের যোগ রয়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছটপুজোর প্রধান অনুষ্ঠান হয়। বাংলাতেও জন্মের ষষ্ঠ দিনে শিশুর মঙ্গল কামনায় ষষ্ঠীপুজোর রীতি রয়েছে।

ছট পুজোয় সূর্যদেবের পাশাপাশি বিশেষভাবে পূজিতা হন ছঠি মাইয়া। তাঁকে অনেক জায়গায় ছট লক্ষ্মী বলেও উল্লেখ করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, তিনি সন্তানদের রক্ষাকর্ত্রী এবং পরিবারের মঙ্গলদায়িনী। অনেকের মতে, ছটি মাইয়া আসলে দেবী ষষ্ঠীরই এক রূপ। আবার লোকবিশ্বাসে তাঁকে সূর্যদেবের বোন বলেও মনে করা হয়। তাই ছট পুজোয় সূর্যদেবের পাশাপাশি ছঠি মাইয়ার কাছেও প্রার্থনা করেন ভক্তরা। বিশেষ করে সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও পরিবারের কল্যাণ কামনায় এই পুজো করা হয়।

রামায়ণের সঙ্গে ছট পুজোর কী যোগ রয়েছে?

ছট পুজো ঘিরে রামায়ণের একটি প্রচলিত কাহিনি রয়েছে। কথিত আছে, রাবণকে পরাজিত করে লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে আসার পর শ্রীরামচন্দ্র ও সীতাদেবী সূর্যদেবের আরাধনা করেছিলেন। কুলদেবতা সূর্যের পুজো করে তাঁরা রাজ্য ও পরিবারের মঙ্গল কামনা করেন। সেই পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হয়েছিল বলে বিশ্বাস করা হয়। অনেকে মনে করেন, সেই থেকেই ছট পুজোর প্রচলন। যদিও এটি মূলত লোকপ্রচলিত ধর্মীয় কাহিনি, ঐতিহাসিকভাবে প্রমাণিত সূচনাকাল নয়।
মহাভারতের সঙ্গে কীভাবে জড়িয়ে ছট পুজো?

ছট পুজোর সঙ্গে মহাভারতেরও গভীর যোগ রয়েছে বলে প্রচলিত বিশ্বাস। মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র কর্ণ ছিলেন সূর্যদেব ও কুন্তীর সন্তান। কথিত আছে, কর্ণ নিয়মিত সূর্যদেবের উপাসনা করতেন এবং জলে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য নিবেদন করতেন। সূর্যের আশীর্বাদেই তিনি অসাধারণ শক্তি ও সাহসের অধিকারী হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। 

কীভাবে পালিত হয় চার দিনের ছট পুজো?
দুর্গাপুজোর মতোই ছট পুজো চার দিন ধরে চলে। প্রতিটি দিনের আলাদা নিয়ম ও গুরুত্ব রয়েছে।

নহায়-খায়: প্রথম দিন ব্রতীরা স্নান করে শুদ্ধ হন। বাড়িঘর পরিষ্কার করে নিরামিষ খাবার গ্রহণ করেন। সাধারণত ভাত, ডাল ও লাউয়ের মতো খাবার থাকে পাতে।
খরনা: দ্বিতীয় দিন সারাদিন উপোসের পর সন্ধ্যায় পুজো করে প্রসাদ গ্রহণ করেন ব্রতীরা। এরপর শুরু হয় টানা ৩৬ ঘণ্টার নির্জলা উপবাস।

সন্ধ্যা অর্ঘ্য: তৃতীয় দিন নদী, পুকুর বা জলাশয়ের ঘাটে গিয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়।

ঊষা অর্ঘ্য: শেষ দিন ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য দিয়ে ব্রত সম্পূর্ণ করেন ভক্তরা।

ছট পুজোয় কী কী প্রসাদ নিবেদন করা হয়? কেন এই পুজো এত কঠিন?

ছট পুজোর অন্যতম আকর্ষণ হল প্রসাদের ডালি। ঠেকুয়া এই উৎসবের সবচেয়ে পরিচিত প্রসাদ। পাশাপাশি কলা, নারকেল, আখ, আপেল, কমলা-সহ নানা মরসুমি ফল সূর্যদেবকে নিবেদন করা হয়। অনেক জায়গায় চালের গুঁড়ো, গুড় ও ঘি দিয়ে তৈরি নানা পদও প্রসাদ হিসেবে দেওয়া হয়। এই পুজোয় নারী-পুরুষ নির্বিশেষে ব্রত পালন করেন। খরনার পর শুরু হওয়া টানা ৩৬ ঘণ্টার নির্জলা উপবাসই এই ব্রতের সবচেয়ে কঠিন অংশ। এই সময় এক ফোঁটা জলও পান করেন না ব্রতীরা। পুজোর দিনগুলিতে আমিষ, পেঁয়াজ ও রসুন খাওয়া থেকেও বিরত থাকেন তাঁরা।

ছট পুজোর আর একটি বিশেষ দিক হল, এখানে কোনও প্রতিমা বা মূর্তি পুজো করা হয় না। প্রকৃতি, জল ও সূর্যের আলোকে সামনে রেখেই চলে আরাধনা। কৃষিকাজ ও প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের কথাও মনে করিয়ে দেয় এই উৎসব। সূর্যের আলো ছাড়া যেমন জীবন ও ফসলের বেড়ে ওঠা সম্ভব নয়, তেমনই প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও এক বিশেষ উপলক্ষ ছট পুজো।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন