Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Anubrata: পার্থর পর অনুব্রত, গরুপাচার মামলায় CBI–এর দপ্তরে হাজিরা তৃণমূল নেতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এবার সেই নাটকীয় মোড় অনুপস্থিত!‌ চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে সোজা নিজাম প্যালেসে সিবিআই–এর দপ্তরে পৌঁছে গেলেন অনুব্রত মণ্ডল।

সকাল ৯টা ৫০ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছলেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাড়ে ১০টা নাগা পৌঁছনোর কথা ছিল তাঁর। সময়ের আগেই পৌঁছে যান তিনি। চিনার পার্কের বাড়ি থেকে বেরনোর পরেই তাঁর নিজামে আসার সম্ভাবনা প্রবল হয়। তারপর দেখা যায় সময়ের আগেই সিবিআই দফতরে পৌঁছে গেছেন তৃণমূল নেতা।

এর আগে একাধিক বার অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই। গত ৬ এপ্রিলও তাঁকে তলব করা হয়। আগের দিন বীরভূম থেকে কলকাতায় পৌঁছলেও পরের দিন নিজাম প্যালেসে যেতে পারেননি তিনি। অসুস্থ বোধ করায় অনুব্রত ভর্তি হন এসএসকেএম হাসপাতালে।

এপ্রিলের শেষে তিনি সিবিআইকে চিঠি দিয়ে জানান যে, ২১ মে-র পর তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। তিনি জানিয়েছিলেন চিকিত্‍সকদের পরামর্শ মেনে তাঁকে চলতে হচ্ছে। দেখা গেল সেই সময়সীমা পার হওয়ার আগে নিজে থেকেই কেষ্ট মণ্ডল চাইলেন সিবিআই দফতরে হাজিরা দিতে ৷

উল্লেখ্য গরু পাচার মামলায় তলব করার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলাতেও অনুব্রত জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই নোটিস দিয়েছিল অনুব্রতকে । দুটি মামলা মিলিয়ে অন্তত নয় বার অনুব্রতকে নোটিস দিয়েছিল তদন্ত এজেন্সি। কিন্তু এখনও পর্যন্ত একবারও গোয়েন্দাদের সামনে হাজিরা দেননি অনুব্রত।

গত মাসে বোলপুর থেকে কলকাতায় পৌঁছে পরের দিন নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল বীরভূমের অবিসংবাদী তৃণমূল নেতার। কিন্তু সিবিআই দফতরে হাজিরা দিতে যাওয়ার পথে আচমকা অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। তাঁর গাড়ি ইউটার্ন করে ঢুকে যায় এসএসকেএম হাসপাতালে উডবার্ন ব্লকের সামনে। সেখানেই কয়েক সপ্তাহ চিকিত্‍সা চলে তাঁর। হৃদযন্ত্রে ব্লকেজের পাশাপাশি অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছিল অনুব্রতর।

যেদিন অনুব্রত হাসপাতাল থেকে চিনার পার্কের ফ্ল্যাটে ফেরেন তার পরের দিনই সিবিআই জোড়া মামলায় নোটিস দেয় অনুব্রতকে। তখনই সময় চেয়েছিলেন কেষ্টবাবু। তারপর নিজেই জানান যে আজ বৃহস্পতিবার তিনি তদন্তকারীদের মুখোমুখি হতে চান।

অবশেষে আজ সকালে নিজের আইনজীবীর সঙ্গে পৌঁছে যান দপ্তরে। তাঁকে এক জন সহায়কের কাঁধে হাত রেখে দপ্তরে ঢুকতে দেখা গিয়েছে। সাংবাদিকরা বারবার প্রশ্ন করেছেন, তাঁর শরীর কেমন। তিনি অবশ্য জবাব দেননি। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন