ফের অভিনয়ে ফিরছেন হেমা মালিনী? বড় পর্দায় কামব্যাক নিয়ে কী সিদ্ধান্ত নিলেন ‘ড্রিম গার্ল’?
deshersamay

বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীকে বড় পর্দায় দেখার অপেক্ষায় বহু অনুরাগী।। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে একের পর এক জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে গত কয়েক বছর ধরে সিনেমা থেকে অনেকটাই দূরে রয়েছেন অভিনেত্রী। ২০২০ সালে ‘শিমলা মির্চি’ ছবিতে শেষবার দেখা গিয়েছিল তাঁকে। এরপর রাজনীতি, নাচ এবং পরিবার নিয়েই ব্যস্ত থেকেছেন হেমা মালিনী।

সম্প্রতি প্রয়াত স্বামী তথা বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে হারানোর পর হেমার জীবনেও এসেছে বড় পরিবর্তন। ২০২৫ সালের ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে প্রয়াত হন ধর্মেন্দ্র। চলতি বছর তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর পদ্মবিভূষণও দেওয়া হয়েছে। সেই সম্মান গ্রহণ করেছিলেন হেমা মালিনী। ধর্মেন্দ্রর মৃত্যুর পর কি ফের অভিনয়ে ফিরবেন হেমা? ভক্তদের সেই কৌতূহলের অবসান ঘটালেন বর্ষীয়ান অভিনেত্রী।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হেমা মালিনী জানিয়েছেন, এখন আর অভিনয়ে ফেরার বিষয়টি নিয়ে তিনি ভাবেন না। বর্তমানে যে জীবন কাটাচ্ছেন, তাতেই তিনি খুশি। নিজের নির্বাচনী এলাকার মানুষের জন্য কাজ করার পাশাপাশি সন্তান এবং নাতি-নাতনিদের সঙ্গে সময় কাটান। তাঁর কথায়, পরিবারে এখনও তাঁদের তাঁকে প্রয়োজন।

ধর্মেন্দ্রর প্রসঙ্গ উঠতেই আবেগপ্রবণ হয়ে পড়েন হেমা। অভিনেত্রী জানিয়েছেন, প্রয়াত স্বামীর স্মৃতিই এখন তাঁর জীবনের একটি বড় অংশ। ধর্মেন্দ্র তাঁকে সবসময় নিজের কাজ এবং নাচ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতেন। তাঁর বিশ্বাস ছিল, নাচ হেমাকে আনন্দ ও সুস্থতা দেয়। সেই মানুষটি আজ পাশে না থাকায় অভিনেত্রীর জীবনে তৈরি হয়েছে এমন এক শূন্যতা, যা কখনও পূরণ হওয়ার নয়।

অভিনয় থেকে দূরে থাকলেও শিল্পচর্চা থেকে নিজেকে সরিয়ে নেননি হেমা। তিনি দীর্ঘদিন ধরে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত। ‘দুর্গা’, ‘মহালক্ষ্মী’, ‘রাধা-কৃষ্ণ’ এবং ‘দ্রৌপদী’-র মতো ব্যালে ও নৃত্যনাট্য মঞ্চস্থ করেছেন। এমনকী সিনেমা ও টেলিভিশন পরিচালনার কাজও করেছেন। তাঁর কথায়, শাস্ত্রীয় নৃত্য থেকে হয়তো বাণিজ্যিক অনুষ্ঠানের মতো অর্থ পাওয়া যায় না, কিন্তু নিজের পছন্দের শিল্পকেই তিনি বেছে নিয়েছেন।

সম্প্রতি সিনেমায় তাঁর ছয় দশকেরও বেশি সময়ের যাত্রা উদযাপন করা হয়েছে। ফলে বড় পর্দায় ফেরার সম্ভাবনা নিয়ে কৌতূহল থাকলেও আপাতত হেমা মালিনীর কথায় স্পষ্ট, অভিনয়ে কামব্যাক তাঁর অগ্রাধিকারের তালিকায় নেই। মানুষের জন্য কাজ, পরিবার, নাচ এবং ধর্মেন্দ্রর স্মৃতি নিয়েই নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্ট তিনি।
