রেলে হকার উচ্ছেদের বিরুদ্ধে সিটুর মিছিল বনগাঁয় : দেখুন ভিডিও
deshersamay



বনগাঁ : রাজ্যজুড়ে রেলস্টেশন ও সংলগ্ন রেলের জমিতে বেআইনি হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়, এই দাবিতে শিয়ালদা-বনগাঁ সেকশনের বনগাঁ স্টেশন এলাকায় সোমবার বিকালে বিক্ষোভ মিছিল করল বাম শ্রমিক সংগঠন সিটু। মিছিলে অংশ নেন বনগাঁ স্টেশনের হকার ও দোকানদাররা।

হকারদের বক্তব্য, ‘সাতাশি সাল থেকে এই স্টেশনে হকারি করছি। রেলের তরফে নোটিস দিয়ে গিয়েছে। আমরা কোথায় যাব, কী ভাবে সংসার চালাব বুঝতে পারছি না। তাই প্রতিবাদ মিছিলে অংশ নিলাম, যদি কোনও কাজ হয়।’ দেখুন ভিডিও

হকারদের আরও বক্তব্য, রেল যদি ভাড়া নিয়েও তাঁদের দোকান চালাতে দেয় তা হলেও আপত্তি নেই। বিকল্প একটা ব্যবস্থা করেই যেন উচ্ছেদ করা হয়। স্থানীয় সিটু নেতা পার্থ সাহা , ধৃতিমান পাল ও সিটু (citu) নেত্রীগার্গী চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘নতুন সরকার ক্ষমতায় এসেছে একমাসও হয়নি। এর মধ্যেই সারা রাজ্যে উচ্ছেদ অভিযান শুরু করেছে। এটাই হয়তো ডাবল ইঞ্জিন সরকারের প্রভাব। বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করার চেষ্টা হলে সিটু রুখে দাঁড়াবে।’

হকার উচ্ছেদ আটকাতে বিশাল প্রতিবাদ মিছিল হয় এ দিন। সিপিআইএম বনগাঁ শহর এরিয়া কমিটির ব্যানারে ওই মিছিল সোমবার বিকেলে ১ নম্বর রেলগেটের সামনে থেকে শুরু হয়ে স্টেশন এলাকায় শেষ হয়। মিছিলে অংশ নেন সিটু (citu) নেত্রীগার্গী চট্টোপাধ্যায় সহ কয়েকশো হকার পরিবার।

গত ১৯ মে পুলিশ প্রশাসনের তরফে বনগাঁ স্টেশনরোড সংলগ্ন এলাকায় উচ্ছেদ সংক্রান্ত নোটিস দেওয়া হয়। আগামী ২২ জুন মধ্যে দোকান না সরালে প্রশাসন ভেঙে দেবে বলে জানানো হয়েছে।


Leave a Reply