২১ নভেম্বর আবার রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী, গড়িয়া- সেক্টর ফাইভ মেট্রোর উদ্বোধন করবেন?
deshersamay

রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । চলতি মাসেই কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। সূত্র মারফত জানা গিয়েছে, ২১ নভেম্বর তিনি শহরে পা দিতে পারেন। রেলের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে পারেন তিনি। সেখানেই প্রশ্ন উঠছে, নভেম্বরেই কি মোদীর হাত ধরে গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর সূচনা হবে?সরকারি ভাবে অবশ্য প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।

প্রধানমন্ত্রীর এ বারের সফর মূলত সরকারি কাজেই। এই দফায় তিনি কোনও বড় রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়ে আসছেন না। ২১ নভেম্বর সকাল ১০টার আগেই কলকাতা বিমানবন্দরে তিনি পৌঁছোবেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। বিমানবন্দর থেকে সরাসরিই তিনি সরকারি কর্মসূচির মঞ্চে পৌঁছোবেন বলে খবর। তালিকায় রেলের কোনও প্রকল্পের উদ্বোধন থাকতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রীর মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যেরও থাকার কথা। শুভেন্দু বৃহস্পতিবার বাঁকুড়ার রাইপুরে বাঁদনা পরবের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে, ২১ নভেম্বর তিনি জঙ্গলমহলের বিভিন্ন সামাজিক সংগঠনকে নিয়ে বৈঠক করতে পুরুলিয়া যাবেন। কিন্তু শুক্রবার রাজ্য বিজেপির কাছে খবর এসেছে যে, ওই তারিখে প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের পরিকল্পনা হচ্ছে। সফরের তারিখ যদি অপরিবর্তিত থাকে, তা হলে মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে বিজেপি সরকারের শপথের দিনে অর্থাৎ ৯ মে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তার পরে ২০ এবং ২১ জুন ফের তিনি পশ্চিমবঙ্গ সফর করেন। ২০ জুন তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবস পালনের কর্মসূচিতে যোগ দেন। ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন। সেই সফরের পাঁচ মাস পরে ফের পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী মোদী।

এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মুখ্যমন্ত্রীর থেকে বেশ কিছু বিষয়ে জানতে চাইতে পারেন মোদী। যেমন, এই মুহূর্তে রাজ্য কীভাবে চলছে, সরকারি প্রকল্পে কোথাও কোনও অসুবিধা হচ্ছে কি না, কেন্দ্রীয় সরকারের তরফে কী কী ধরনের সাহায্য পাওয়া যাচ্ছে, কোথাও যদি কোনও অসুবিধা হচ্ছে কি না, সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে জানাবেন।

