লক্ষ্য মতুয়াগড়, আজ রানাঘাট লোকসভা কেন্দ্রের  তাহেরপুরে সভার আগেই সরাসরি তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর

0
283

মতুয়াগড়ে সভার ঠিক আগেই বাংলার রাজনীতি নিয়ে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । তৃণমূল কংগ্রেস বাংলায় লুটপাট ও ভয় দেখানোর সব সীমা অতিক্রম করেছে – এক্স হ্যান্ডেলে এমনই এক অভিযোগ তুলে রাজ্যের শাসক দলকে সরাসরি নিশানা করেন তিনি। তাঁর দাবি, এই পরিস্থিতিতেই বাংলার মানুষের কাছে বিজেপির প্রতি নতুন করে আশা তৈরি হয়েছে।

শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে জনসভা করতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। সফরের আগে শুক্রবার সন্ধ্যায় দেওয়া সোশ্যাল মিডিয়ায় বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প ও উদ্যোগগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। রাজনৈতিক মহলের মতে, এই সফরে তৃণমূলকে আক্রমণের সুর আরও চড়া হতে চলেছে।

https://x.com/i/status/2002008332090085833

এমন এক সময়ে মোদীর বাংলা সফর, যখন রাজ্যে বিধানসভা নির্বাচন আর এক বছরেরও কম দূরে। তার উপর এসআইআর-এর খসড়া তালিকা ঘিরে বিতর্ক তুঙ্গে। অভিযোগ, খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়েছে। এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা চলছেই। সেই আবহেই মতুয়া অধ্যুষিত এলাকায় প্রধানমন্ত্রীর সভা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধীদের আশঙ্কা, এসআইআর প্রক্রিয়ায় মতুয়া সমাজের বড় অংশ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে।


শনিবারের সভামঞ্চে নরেন্দ্র মোদীর সঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রী নিতিন গড়কড়ীও। জাতীয় সড়ক সংক্রান্ত দু’টি বড় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির মাধ্যমে রানাঘাট-বনগাঁ এলাকায় কী রাজনৈতিক বার্তা দেন তিনি, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিমান শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবে। সেখান থেকে হেলিকপ্টারে তাহেরপুর হয়ে তিনি পৌঁছবেন নেতাজি পার্ক ময়দানের সভাস্থলে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, ৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশের চার লেনের কাজ শেষ হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এদিন। পাশাপাশি বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশ চার লেনে উন্নীত করার কাজের শিলান্যাসও করবেন তিনি।

প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে থাকছে কড়া নিরাপত্তা। এসপিজি-র পাশাপাশি রাজ্য পুলিশের তরফেও বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

Previous articleরাজধানী এক্সপ্রেসের ধাক্কায় ৮ হাতির মৃত্যু , লাইনচ্যুত ৫ টি কামরা  ব্যহত রেল পরিষেবা
Next articleNadia Train Accident: প্রধানমন্ত্রী মোদীকে দেখতে এসে মর্মান্তিক পরিণতি, ট্রেনের ধাক্কায় মৃত্যু BJP-র ৩ কর্মীর ,কলকাতা থেকে কপ্টারে চেপে তাহেরপুর রওনা হলেন প্রধানমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here