Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

মোদীর সভা বনগাঁর পরিবর্তে স্থান পাল্টে ঠাকুরনগরে: দেখুন ভিডিও

deshersamay

Share article:
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁর পরিবর্তে মতুয়াগড় ঠাকুরনগরেই নির্বাচনী জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৬ এপ্রিল ঠাকুরনগরে সভা করবেন তিনি। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সফরসূচি পরিবর্তন হওয়ার পরেই ব্যস্ততা শুরু হয়েছে ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি লাগোয়া মাঠেই প্রধানমন্ত্রীর সভাস্থল ঠিক হয়েছে। মোদীর সভা নিয়ে বিজেপি কর্মী সমর্থক ও মতুয়াদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

২০১৯ সালের ২৮ জানুয়ারি ঠাকুরনগরে এসেছিলেন মোদী। তখন বেঁচেছিলেন বড়মা বীণাপাণি ঠাকুর। বড়মার সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও হয়েছিল তাঁর। সাত বছর পর বিধানসভা নির্বাচনে ফের ঠাকুরনগরে আসছেন প্রধানমন্ত্রী। আগে ঠিক ছিল বনগাঁয় এসে জনসভা করবেন তিনি। কিন্তু মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিবর্তন হয়ে হয়েছে ঠাকুরনগর।দেখুন ভিডিও

আগামী ২৬ এপ্রিল গাইঘাটা, বনগাঁ উত্তর, দক্ষিণ এবং বাগদা বিধানসভা কেন্দ্রের চার বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। এই চার কেন্দ্রের মধ্যে গাইঘাটা এবং বাগদা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন ঠাকুরবাড়ির সদস্য সুব্রত ঠাকুর এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর।

এ দিন প্রধানমন্ত্রীর সভাস্থল পরিবর্তন হওয়ার পরেই বিজেপি প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পদাধিকারীদের নিয়ে ঠাকুরবাড়িতেই বৈঠক করেন গাইঘাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সুব্রত ঠাকুর। তিনি বলেন, ‘২৬ এপ্রিল ঠাকুরবাড়ির লাগোয়া মাঠেই নির্বাচনী সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’

কমিশনের খসড়া তালিকা থেকে আগেই বনগাঁর চার কেন্দ্র থেকে বাদ গিয়েছিল ৩৬ হাজার ৮৯৯ জন। বিচারাধীন ছিলেন ৬১ হাজার ৪৮০ জন। এর মধ্যে বাদ গিয়েছে ৪৮ হাজার ৪৯৩ জন। খসড়া এবং বিচারাধীন মিলিয়ে মতুয়াগড় থেকে নাম বাদ গিয়েছে ৮৫ হাজার ৩৯২ জন। এর মধ্যে ৮০ শতাংশের বেশি মতুয়া। ভোটাধিকার হারিয়ে বিজেপির বিরুদ্ধে প্রবল ক্ষোভ রয়েছে মতুয়াদের।এই পরিস্থিতিতে ঠাকুরনগরের সভা থেকে তিনি কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে রয়েছে গোটা মতুয়া সমাজ।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন