

বাগদা : কথায় আছে ‘বাঙালির বারো মাসে তেরো পার্বণ’। তেমনই এখন ভোট মানেই উৎসব। উত্তর ২৪ পরগনার বাগদা এলাকার বাজিতপুর উচ্চ বিদ্যালয়ে পা রাখলেই টের পাওয়া যাচ্ছে সেই উৎসবের আমেজ। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ রয়েছে এই স্কুলে। তার আগে পড়ুয়াদের উদ্যোগে সেজে উঠেছে বিদ্যালয় চত্বর। সরস্বতী পুজো বা অন্য কোনও অনুষ্ঠানে স্কুল যে ভাবে সেজে ওঠে, ভোটকেন্দ্রকেও ঠিক সেই ভাবে সাজিয়ে তুলেছে পড়ুয়ারা।

স্কুলের মূল প্রবেশ দ্বার থেকে শুরু করে প্রতিটি শ্রেণিকক্ষ সেজে উঠেছে আলপনায়। দেওয়ালে দেওয়ালে লেখা হয়েছে সচেতনতামূলক বার্তা। ব্ল্যাকবোর্ডে লেখা রয়েছে গণতন্ত্রের গুরুত্ব ও ভোটদানের প্রয়োজনীয়তা।

ছাত্রছাত্রীদের আলপনা এবং কাগজের সূক্ষ্ম কারুকাজ দেখে মনে হচ্ছে এ যেন কোনও সামাজিক অনুষ্ঠান। রাজ্যের প্রথম দফার ভোট শেষ হওয়ার পর দ্বিতীয় দফায় ভোটারদের উৎসাহিত করতেই এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে। দেখুন ভিডিও

স্কুল কর্তৃপক্ষের মতে, পড়ুয়াদের এই কাজে ভোটাররা বেশ আনন্দ পাবেন। ভোট দিতে এসে অনেকেই হয়তো নিজের পুরোনো স্কুল জীবনের স্মৃতিতে ফিরে যাবেন। ভোটের গাম্ভীর্যের মাঝে এমন মনোরম পরিবেশ সচরাচর দেখা যায় না। পড়ুয়াদের এই ভাবনা এখন গোটা বাগদা এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

স্কুল পড়ুয়া মালবিকা ব্যাপারির কথায়, ‘স্কুল আমাদের বাড়ির মতোই। অনেকেই ভোট দিতে আমাদের স্কুলে আসবে। তাঁরা আমাদের স্কুল দেখবে। তাই আমরা আলপনা দিচ্ছি।’ স্কুলের সভাপতি কঙ্কণ হালদার বলেন, ‘ভোটও আমাদের কাছে উৎসবের মতো। সেই কারণেই উচ্চমাধ্যমিক পড়ুয়ারা স্কুলকে সাজিয়ে তুলছে।’




