দেশের স্বার্থেই বিএলও হিসাবে কাজ করতে হবে প্রাথমিক শিক্ষকদের ,জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট
deshersamay
বুথ স্তরের আধিকারিক (বিএলও) হিসাবে কাজ করতে হবে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের। এ বার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না।
রাজ্যের প্রাথমিক শিক্ষকরা (Primary Teacher) বুথ স্তরের আধিকারিক (বিএলও) হিসাবে কাজ করতে পারবেন না—এই দাবিতে হাইকোর্টে (Calcutta High Court) গিয়েছিলেন একাংশ শিক্ষক। সোমবার তাঁদের সেই আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন, দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে। কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করবে না আদালত। তাঁর কথায়, “কর্মক্ষেত্রের কাজ শেষ করে অতিরিক্ত সময়ে ভোট সংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে (BLO)।”
শিক্ষকদের দাবি ছিল, সোম থেকে শনিবার স্কুলে পড়ানোর কাজের পাশাপাশি বিএলও-র দায়িত্ব পালন করা তাঁদের পক্ষে সম্ভব নয়। আদালতে তাঁরা বলেন, সপ্তাহে একমাত্র রবিবার ছুটি থাকে। সেই দিনটিতে ভোট সংক্রান্ত যাবতীয় কাজ চাপিয়ে দেওয়া হলে তাঁদের বিশ্রামের অধিকার ক্ষুণ্ণ হবে।
বিচারপতি পাল্টা মন্তব্য করেন, “বিএলও-দের ঠিক কী কী কাজ করতে হবে এবং কতটা সময় দিতে হবে, তা এখনও নির্দিষ্টভাবে জানায়নি নির্বাচন কমিশন। তা হলে শিক্ষকরা কেন ধরে নিচ্ছেন তাঁদের পূর্ণ সময় কাজ করানো হবে?”
তিনি আরও বলেন, “কমিশন প্রয়োজনে সময় ও কাজের পরিসীমা নির্ধারণ করবে। তবে প্রাথমিক শিক্ষকরা তাঁদের মূল দায়িত্ব শেষ করে অতিরিক্ত সময়ে এই কাজ করতে বাধ্য।”
আদালত এও জানায়, ভোট সংক্রান্ত দায়িত্ব সরকারি কর্মীদের চাকরির শর্তের মধ্যেই পড়ে। অতীতে কেরল হাইকোর্টে হওয়া একটি মামলায় সুপ্রিম কোর্টও এই বিষয়ে একই ব্যাখ্যা দিয়েছে।
তবে রাজ্যের প্রাথমিক শিক্ষক সংগঠনগুলির একাংশ মনে করছে, এই রায় শিক্ষক সমাজের উপর বাড়তি চাপ তৈরি করবে। তাদের মতে, “শিক্ষকতা এমনিতেই পূর্ণ সময়ের কাজ। তার সঙ্গে বাড়তি দায়িত্ব চাপানো হলে ছাত্রদের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে।”
প্রসঙ্গত, বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) হয়ে গিয়েছে। এ বার পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে শুরু হচ্ছে এসআইআরের কাজ। পুরোদমে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে এ বিষয়ে চিঠিও পাঠানো হয়ে গিয়েছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে। চিঠিতে বুথ লেভেল অফিসার (বিএলও), বিএলও সুপারভাইজ়ার, বুথ লেভেল এজেন্ট (বিএলএ) নিয়োগ এবং তাঁদের প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য অবিলম্বে জমা দিতেও বলা হয়েছে সিইও-দের। সেই আবহেই এল বিএলও নিয়োগ নিয়ে হাই কোর্টের নির্দেশ।
