Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

দিঘার চেয়ে কাছে, মন্দারমণির চেয়ে সস্তা! এই সৈকতে কাটিয়ে আসুন উইকেন্ড

deshersamay

Share article:
সুতপা দে, দেশের সময়

জীবনে একবার অন্তত দিঘা যাননি এমন বাঙালির খোঁজ পাওয়া দুস্কর। একবার কেন, এমন অনেকেই আছেন, যাঁরা সুযোগ পেলেই বেরিয়ে পড়েন সাগরপারে, দিঘার উদ্দেশে। সস্তায় সমুদ্র দর্শনের এমন ঠিকানা সত্যিই বোধহয় আর একটাও নেই। তবে বাংলাতেই এমন অনেক সৈকত রয়েছে, যেগুলি দিঘার চেয়ে তুলনায় নিরিবিলি, ফলে ছুটি কাটানোর মজা মেলে ভরপুর।

যেমন মন্দারমণি, তাজপুর কিংবা শংকরপুর। তবে মন্দারমণিতে ঘুরতে গেলে দিঘার তুলনায় খানিক বেশিই খসবে গাঁটের কড়ি। তবে জানেন কি, এই বাংলাতেই রয়েছে এমন সমুদ্র সৈকত , যেখানে পৌঁছাতে সময় লাগবে দিঘার থেকেও কম, আবার মন্দারমণির থেকে খরচও হবে অনেক কম। সস্তায় সপ্তাহান্তের ছুটি কাটানোর ঠিকানা হয়ে উঠতেই পারে দক্ষিণ পুরুষোত্তমপুর (Dakshin Purushottampur)।

জায়গাটি এখনও পর্যন্ত বেশিরভাগ ভ্রমণপিপাসুর কাছেই অজানা। নিরিবিলি সৈকতে গড়ে উঠেছে ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এখানকার মূল আকর্ষণই হল, একেবারে সমুদ্রের ধারে সার দিয়ে রয়েছে কুঁড়েঘরের মতো দেখতে ক্যাম্প। তবে দেখতে তেমন হলেও আদতে তা নয়। বরং ব্যবস্থাপনা চমৎকার। ক্যাম্পের বাইরেই সুদৃশ্য গাছের সারি, রাত্রিবেলা হলুদ আলোয় তার রূপই বদলে যায়। অদূরেই মোহময়ী সমুদ্রের গর্জন। উপরি পাওনা ক্যাম্পফায়ার। সঙ্গে মুরগির মাংস।

কীভাবে যাবেন?
দক্ষিণ পুরুষোত্তমপুর যেতে গেলে উঠে পড়তে হবে দিঘাগামী যে কোনও বাসে। তারপর নামতে হবে চাউলখোলায়। চাউলখোলা বাসস্ট্যান্ড থেকে অটো কিংবা ট্রেকার ধরে পৌঁছে যাওয়া যাবে ব্যাকপ্যাকার্স ক্যাম্পে। বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ পুরুষোত্তমপুরের দূরত্ব ১৫ কিলোমিটার।

কোথায় থাকবেন?
অফবিট ডেস্টিনেশন এবং তুলনায় কম পরিচিত হওয়ার কারণে দক্ষিণ পুরুষোত্তমপুরে থাকার জায়গা সীমিত। যদিও আস্তে আস্তে একাধিক হোটেল রিসর্ট তৈরি হচ্ছে সেখানে। আপাতত বেশ কিছু টেন্ট এবং ক্যাম্পের ব্যবস্থা রয়েছে। তবে সেগুলিতে থাকতে চাইলে আগে থেকে বুক করে যেতে হবে। লাঞ্চ-স্ন্যাক্স-ডিনার এবং পরেরদিনের ব্রেকফাস্ট মিলিয়ে প্রতিদিন মাথাপিছু খরচ ১ হাজার ৫০০ টাকা।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন