আবহাওয়ার বড় বদল! এবার ঝঞ্ঝার খেলা শুরু, নামবে বৃষ্টি, পড়বে বরফ , রইল আপডেট

0
295
হীয়া রায়, দেশের সময়

২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, শীতের ছুটিতে শীত এবার জাঁকিয়েই পড়েছিল। কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২ ডিগ্রির আশপাশে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রিতে নেমে গিয়েছিল। হাড়কাঁপানো উত্তরে হাওয়ায় ভোর আর রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল অনেকটাই। কিন্তু নতুন বছরে আবহাওয়ার নতুন আপডেট।

গত বছরের শেষ কয়েকদিন শীত যে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিল, নতুন বছরে তাতে যেন কিছুটা ভাটা। এমনিতেই, হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বুধ থেকে শুক্র, বাড়তে পারে তাপমাত্রা।

শুক্রবার, বছরের প্রথমদিনে ঠান্ডা তুলনায় কম, অন্তত পথচলিত মানুষেরা বলছেন তেমনটাই। যদিও খুব বেশি হেরফের হয়নি তাপমাত্রার।

শুক্রবার, শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ দিনভর তাপমাত্রা তার আশেপাশেই থাকবে। শুক্রের সর্বোচ্চ তাপমাত্রা, বৃহস্পতিবারের চেয়ে কিছুটা কম। শুক্রেও সর্বনিম্ন তাপমাত্রা ১১’র ঘরে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী তিন-চারদিন বাংলার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। যার জেরে ভোরের দিকে কমবে দৃশ্যমানতাও।

তবে ঝঞ্ঝা কাটলেই আবার ফিরবে জাঁকিয়ে শীত। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে উত্তর-পশ্চিম ভারতে পঞ্জাব ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই ঝঞ্ঝা।

কবে দক্ষিণবঙ্গে ফের ফিরবে হাড়কাঁপানো ঠান্ডা? হাওয়া অফিস সূত্রে খবর, বছরের নতুন সপ্তাহে খুব বড় ইনিংস খেলবে না শীত। ভরপুর আমেজ ফিরতে পারে দ্বিতীয় সপ্তাহ থেকে।

একই সঙ্গে, হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে, তার জেরে দক্ষিণবঙ্গে না হলেও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

এছাড়া হবে তুষারপাত। ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাত হওয়ার সম্ভাবনা। দার্জিলিংয়ের উঁচু অংশেও তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বরফে ঢাকতে পারে সন্দাকফু, ফালুট, ঘুম, চটকপুর।

এদিকে, ওড়িশার উপকূলে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে বাংলায়। কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায়।

Previous articleঅভিষেক যাবেন ঠাকুরনগর , চাপানউতোর ঠাকুরবাড়িতে
Next article‘সরকার এবার আমাদেরই’, উত্তর বঙ্গে বার্তা মিঠুনের ,দু’-একজনের পক্ষে এ রাজ্য জিতিয়ে দেওয়া সম্ভব নয়: দিলীপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here