মতুয়া মহামেলায় শুভেচ্ছা মোদী–শাহের, কটাক্ষ তৃণমূলের

0
115

হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মধুকৃষ্ণ ত্রয়োদশ তিথি অনুযায়ী সোমবার থেকেই শুরু হয়েছে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে বারুনি মেলা। এ দিন এক্স হ্যান্ডলে বারুনি মেলা নিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বিধানসভা নির্বাচনের আগে সার–এর কারণে বিপুল সংখ্যক মতুয়াদের নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। বিচারাধীন কয়েক লক্ষ। এই পরিস্থিতিতে শাহকে পাল্টা নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল প্রভাবিত অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।

সোমবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বারুনি মেলায় মতুয়াদের ভিড় জমেছে ঠাকুরবাড়িতে। এ দিন থেকেই কামনা সাগরে স্নান সেরেছেন মতুয়ারা। মঙ্গলবার এই ভিড় কয়েক গুণ বাড়বে। দু’দিনে ৪০ থেকে ৫০ লক্ষ মতুয়া ঠাকুরবাড়িতে আসবেন বলে মনে করা হচ্ছে। এ বছর ঠাকুরবাড়িতে তিনটি মতুয়া সংগঠন একসঙ্গে বারুনি মেলার আয়োজন করেছে। ফলেও মতুয়ারা খুশি। তবে, সার–এ লক্ষ লক্ষ মতুয়াদের নাম বাদ যাওয়া এবং বিচারাধীন তকমা জোটায় অধিকাংশ মতুয়াদের মধ্যে বেনাগরিক হওয়ার আতঙ্ক রয়েছে।

এ দিন কামনা সাগরে ডুব দিয়ে পুণ্যস্নান সেরে হরিচাঁদ, গুরুচাঁদ ও বড়মার মন্দিরে গিয়ে পুজো করেছেন পাগল, গোঁসাই, দলপতি ও সাধারণ মতুয়ারা। সকালের পর থেকে ডঙ্কা, কাঁসি ও লাল নিশান নিয়ে মতুয়াদের এক একটা দল ঠাকুরবাড়িতে এসেছে। ডঙ্কার তালে তালে মাথা ঝাঁকিয়ে তিন মন্দিরের সামনেই নেচেছেন মতুয়ারা। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের বাসভবনে এসেও প্রণাম করেছেন মতুয়া ভক্তরা। কমল হালদার, রবি রায়, মিনতি বিশ্বাসের মতো মতুয়ারা বলেন, ‘আমাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। ভোটাধিকার পাব কি না জানি না। তবুও বারুনি মেলা আমাদের ভাবাবেগ। সেই টানেই এসেছি।’

বারুনি মেলা নিয়ে এ দিনই এক্স হ্যান্ডলে মতুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে মমতাবালা বলেন, ‘বারুনি মেলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পোস্ট করেছেন। কিন্তু গত বছর তিনি করেননি। কারণ গত বছর নির্বাচন ছিল না। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ভক্তদের নাম কেটে দিলেন কেন?’ পাল্টা সুব্রত ঠাকুর বলেন, ‘নাম বাদ যাওয়া মতুয়ারা সিএএতে আবেদন করে নাগরিকত্ব পাবেন।’

Previous article‘যে অফিসারই পাঠান,তার পরেও জিতব’, বিজেপি-কমিশনকে চ্যালেঞ্জ করে মমতা বললেন, ‘নবান্নে দেখা হবে’
Next articleWest Bengal Assembly Election 2026:বনগাঁ উত্তরে বিশ্বজিৎ দাস , দক্ষিনে ঋতুপর্ণা আঢ্য, তৃণমূলের প্রার্থী তালিকা , ২০২৬-এ ২২৬-এর বেশি আসনে জিতব, নো ভোট ফর বিজেপি: মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here