ভোটের আবহে ধেয়ে এল বিধ্বংসী ঝড়! লন্ডভন্ড বাগদার মামাভাগীনা গ্রাম: দেখুন ভিডিও

0
109

দেশের সময় , বাগদা:

পয়লা বৈশাখেই অসহ্য গরমে হাঁসফাঁস দশা হয়েছিল বঙ্গবাসীর। চাঁদিফাটা রোদে যেন বাইরে বেরনোই দায়। তার পরের দিন, বৃহস্পতিবারই আমূল বদলে গেল আবহাওয়া। ভোর থেকেই মেঘলা আকাশ। বেশ কিছু এলাকায় কয়েক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে।

ভোটের আবহে এদিন দুপুরে উত্তর ২৪ পরগনার বাগদা থানার মামাভাগীনা গ্রামে প্রবল গতিতে ধেয়ে এল ঝড়গ! প্রায় দেড় মিনিটের ঝড়ে লন্ডভন্ড বাগদার মামাভাগীনা গ্রাম সহ রামনগর মহাদেবতলা এলাকা।

শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে । বাড়ির ছাদে ভেঙে পড়েছে বড় বড় গাছ ও গাছের ডাল । স্থানীয় বাসিন্দা শক্তি সরকার জানান রামনগরের বাসিন্দা স্কুল ছাত্র রহিত বিশ্বাসের বুকে গাছের ডাল ভেঙে পড়ায় গুরুতর আহত অবস্থায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় ও পুলিশ প্রশাসনের অধিকারীকেরা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানা গেছে । দেখুন ভিডিও


বিধ্বংসী গতিতে ধেয়ে আসা প্রায় দেড় মিনিটের ঝড়ে ছারখার হয়ে গিয়েছে  বিস্তীর্ণ অঞ্চল বলে জানান স্থানীয় বাসিন্দা শক্তি সরকার  । ক্ষণস্থায়ী ঝড়, কিন্তু তাঁর প্রভাব বিস্তর। পূর্বাভাস ছাড়াই এই ঝড়ে আতঙ্ক ছড়িয়েছে বাগদা থানার মামাভাগ্নে গ্রাম সহ মহাদেবতলা এলাকা জুড়ে ।

এক নজরে চোখে পড়বে, রাস্তার ধারে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বড় বড় গাছ কোমর ভেঙে মাটিতে শুয়ে। বহু বাড়ির চাল নেই। কোনও কোনওটা একেবারে মুখ থুবড়ে পড়েছে। মাটিতে মিশে গিয়েছে পলকা নির্মাণের ছোট বাড়িগুলি। খেতের ফসল সব লন্ডভন্ড।


বৃহস্পতিবার দুপুরে মিনিট দেড়েকের ঝড়-বৃষ্টিতে ধ্বংসের ভয়ঙ্কর চিত্র বাগদার মামা ভাগীনা গ্রামের বিস্তীর্ণ এলাকায়। বহু চাষি সর্বস্বান্ত হয়েছেন। অনেকে মাথায় হাত দিয়ে কেঁদে চলেছেন। বৃহস্পতিবার বেশির ভাগ বাড়িতেই হাঁড়ি চড়েনি। খোলা আকাশের নীচে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বসে আছেন কত মানুষ। কী করবেন, কোথায় যাবেন, কিছুই দিশার নেই। হঠাৎ নেমে আসা বিপর্যয়ে ভেঙে পড়েছেন একেবারে।

বৃহস্পতিবার দুপুরে বাগদা থানার  মামাভাগ্নে গ্রামের মহাদেব তলা এলাকায় গিয়ে দেখা গেল, বিদ্যুতের কয়েকটি খুঁটি ভেঙে রাস্তায় পড়ে রয়েছে। বাড়িগুলির অবস্থাও খারাপ। যে দিকে চোখ যাচ্ছে শুধুই ধ্বংসের ছবি। কোথাও বড় বড় গাছ ভেঙে আছে। কোথাও বাড়িঘর।

স্থানীয় চাষি অমিত মন্ডল, রণজিৎ বিশ্বাস, দীপঙ্কর তরফ দাররা জানালেন, এ দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ অন্ধকার হয়ে আসে। শুরু হয় হালকা বৃষ্টি। তারপরই বাংলাদেশের দিক থেকে প্রবল বেগে ঝড় আছড়ে পড়ে গ্রামে। ঝড়ের প্রকোপ ছিল খুব জোর দেড় মিনিট। ঝড় থামলে শুরু হয় প্রবল বৃষ্টি। এখানে বেশিরভাগ মানুষ চাষের সঙ্গে যুক্ত। অনেকেরই নিজস্ব জমি আছে। এখানে কেউ কেউ আবার খেত মজুরির কাজও করেন। ফসলের যা ক্ষতি হয়েছে, তাতে খেত মজুরির কাজ আর পাওয়া যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন এলাকাবাসী।
গৃহবধু অজ্ঞনা বিশ্বাসের কথায়, হঠাৎ বিকট শব্দ হল , তারপরেই ঘরের চাল উড়ে গেল চোখের সামনে । ভয়ে দৌড়ে পালিয়ে যাই পাশের বাড়ি ।

স্থানীয় বাসিন্দা সুমন বিশ্বাস বলেন, ‘‘ এখন আমের সময় , জমিতে আম গাছ ছিল। ঝড়ে প্রায় সব গাছই ভেঙে গিয়েছে।’’

সআরও এক স্থানীয় বাসিন্দা জানান, সম্প্রতি টিন দিয়ে নতুন বাড়ি তৈরি করেছিলেন। ঝড়ের সময় তিনি ঘরে ছিলেন। তাঁর কথায়, ‘‘ঝড় শুরু হতেই ঘরে ঢুকে যাই। মিনিট পাঁচেক পর দেখি ঘর ভীষণ ভাবে দুলছে। ভয়ে ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখি আমার ঘরের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে দূরে একটি ধানের গোলায় নিয়ে গিয়ে ফেলল।’’ ঘরে থাকলে কী হত, তা ভেবে আতঙ্কিত তিনি। ঝড়ের সময়ে কেউ কেউ খাটের তলায় আত্মরক্ষার জন্য ঢুকে পড়েছিলেন।


একেই ২০২৬ এর বিধানসভা নির্বাচনের ভোট যুদ্ধে তপ্ত বাগদা । তার উপরে ভোটের আগে ঝড়ের আতঙ্কে যেন দিশাহারা হয়ে পড়েছেন বাগদার বাসিন্দারা ।
পার্থ সারথি নন্দী ও অর্পিতা বনিক এর রিপোর্ট দেশের সময় ।

Previous articlePoila Baisakh: ২০২৬-এর নববর্ষ উদযাপনে মাতল ইছামতির শহর বনগাঁ : দেখুন ভিডিও
Next articleধেয়ে আসছে কালবৈশাখী?অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলা!শুক্র ও শনি কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here