বিষ খাইয়ে পথকুকুর খুনের অভিযোগ বনগাঁয় ,তদন্তে পুলিশ

0
173

বনগাঁয় ১৫-র বেশি পথকুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার নতুনগ্রাম এলাকায়। বেশ কয়েক দিন ধরে এলাকার রাস্তায় একাধিক কুকুরকে নিস্তেজ হয়ে পড়তে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। ইতিমধ্যেই একাধিক কুকুরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের অভিযোগ, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পথকুকুরদের দেওয়া হয়েছে। স্থানীয় একটি পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার ধারে বিষমাখা খাবার দেওয়া হয় বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, রান্না করা কাঁকড়ার সঙ্গে বিষ মিশিয়ে কুকুরগুলিকে খেতে দেওয়া হয়েছিল। সেই খাবার খেয়েই একের পর এক কুকুর অসুস্থ হয়ে মারা যায়। বেশ কয়েকটি কুকুর বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

ঘটনায় ওই পোল্ট্রি ব্যবসায়ীর দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। ইতিমধ্যেই বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই পথকুকুরদের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ আরও জানিয়েছে, রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার পশুপ্রেমীরা।

Previous articleঅম্বর রায় ক্রিকেটে চ্যাম্পিয়ন মধ্যমগ্রামের পল্লীশ্রী
Next articleভারত-বিরোধী গর্জন, হিন্দু নিধনে নীরব , বিদায়ী ভাষণে বিতর্ক উসকে গেলেন ইউনূস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here