

আসানসোলের (Asansol) মঞ্চ থেকে নরেন্দ্র মোদী (PM Modi) ও অমিত শাহকে (Amit Shah) নজিরবিহীন আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রোববার নির্বাচনী জনসভা থেকে বিজেপির ‘চার্জশিট’-এর জবাবে পাল্টা তোপ দেগে তৃণমূল (TMC) নেত্রী বলেন, দেশের মানুষকে অপমান করে গদিতে থাকার অধিকার হারিয়েছে বিজেপি সরকার। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন— “বাংলায় জিতে এবার দিল্লি যাব।”

সম্প্রতি বিজেপি (BJP) রাজ্য সরকারের বিরুদ্ধে যে চার্জশিট প্রকাশ করেছে, এদিন তার পাল্টা দিয়ে মমতা বলেন, “ওদের কাজ এনআরসি (NRC) করা! ওরা নাকি চার্জশিট দিয়েছে আমাদের বিরুদ্ধে। আমি চার্জশিট দিচ্ছি ওদের বিরুদ্ধে। এই ভোটারদের ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন, আগে ইস্তফা দিন। ২০২৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, পদত্যাগ করুন।” কেন্দ্রের শাসকদলকে বিঁধে তিনি বলেন, “লজ্জা! ধিক্কার! আমি ওদের মতো দোষ করলে গঙ্গায় ডুবতাম। মিথ্যা বলে, লুট করে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘মোটাভাই’ সম্বোধন করে মমতা অভিযোগ করেন, ভয় দেখিয়ে বিরোধী প্রার্থীদের ভাঙিয়ে নেওয়ার খেলা চলছে। তাঁর দাবি, “সঙ্গে এসেছেন মোটাভাই। তাঁর সঙ্গে এল ইডি, সিবিআই। সব প্রার্থী, মিনিস্টারদের ভয় দেখাচ্ছে।

সিট কম থাকলে তুমি সমর্থন কোরো, এই বলে চাপ দিচ্ছে। আমি সব খবর রাখি। কাকে ফোন করছেন সব জানি।”
দলে ভাঙন ও দলবদলু নেতাদের আক্রমণ করতে গিয়ে নেত্রী এদিন ‘চরিত্র’ ও ‘আনুগত্য’ নিয়ে সরব হন। তিনি বলেন, “যারা গদ্দার হয়, তাদের মানুষ চিরকাল গদ্দারই বলে। চরিত্র হারালে তা আর ফিরে পাওয়া যায় না।” বিজেপির জনসভাগুলোতে ‘টাকা দিয়ে লোক আনা হচ্ছে’ বলে অভিযোগ তুলে মমতার দাবি, তিনি হেঁটে মিছিল করেন আর বিজেপি নেতারা বিলাসিতার গাড়িতে চেপে ঘোরেন।

এজেন্সির ভয় দেখিয়ে তাঁকে দমানো যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। কেন্দ্রের বিজেপি সরকারকে ‘দিল্লির লাড্ডু’ হিসেবে কটাক্ষ করে তাঁর স্পষ্ট বার্তা, এজেন্সি পাঠিয়ে লড়াই জেতা যাবে না। জনসমর্থনই তাঁর শক্তি। আসানসোলের এই ভিড়কে সাক্ষী রেখে মমতার হুঙ্কার— “আমাকে তো দমাতে পারেনি! বাংলায় জিতে এবার দিল্লি যাব।”




