

প্রথম দফা অবাধ এবং শান্তিপূর্ণভাবেই মিটেছে। এবাররাত পোহালেই দ্বিতীয় এবং শেষ দফার ভোট রাজ্যে। প্রথম পর্বেই ভোটদানের হার ছুঁয়েছে ৯৩%। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট নিয়ে একের পর এক নজিরবিহীন কড়াকড়ি জারি ছিল কয়েক মাস আগে থেকেই। একাধিক প্রশাসনিক পদে রদবদল থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, নানা পদক্ষেপ নিয়েছে কমিশন। তাই শেষ দফাতে ভোটদানের হার আরও বাড়বে বলেই আশা কমিশনের।

দ্বিতীয় দফার আগে কিছু এলাকা থেকে অশান্তির খবর এলেও কমিশনের প্রস্তুতি সারা, জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। মানুষের উদ্দেশে তাঁর বার্তা, ”প্রথম দফায় সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ভোট হয়েছে, ৯৩% মানুষ ভোট দিয়েছেন।

ভোটারদের সম্পূর্ণ অধিকার রয়েছে যাকে ইচ্ছা ভোট দেওয়ার। কেউ যদি আটকায় বা ধমকায়, আমাদের কন্ট্রোল রুম নম্বর রয়েছে সেখানে যোগাযোগ করুন বা থানায় যান। কেন্দ্রীয় বাহিনীকেও জানাতে পারেন। যেমন আপনার দুর্গাপুজোর সময় প্যান্ডেলে যান, আনন্দ করেন তেমনই মনে করে ভোট দিয়ে আসুন।”

দ্বিতীয় দফার আগে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ
ট্রাইব্যুনালের মাধ্যমে যে সমস্ত ভোটারদের নাম নিয়ে বিবাদ বা নিষ্পত্তি বাকি ছিল, তাঁদের নিয়েই এই তালিকা। প্রথম দফার আগে ট্রাইব্যুনালের প্রকাশ করা তালিকায় নাম যোগ হয়েছিল ১৩৯ জনের। কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফার আগে সেই নামের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৬৮। নাম বাদ পড়েছে ৬ জনের।





