

দেশের সময় , পেট্রাপোল : পুজোর আগে বাংলার ভোজনরসিকদের জন্য সুখবর এল। বাংলাদেশের পদ্মা নদীর রুপোলি ইলিশ প্রথমবারের মতো এ বছর রাজ্যে পৌঁছেছে। মঙ্গলবার রাতে পেট্রাপোল সীমান্ত দিয়ে আটটি ট্রাকে প্রায় ৩৮ মেট্রিক টন পদ্মার ইলিশ পৌঁছেছে ভারতে। প্রতি বছরই পুজোর আগে ওপার বাংলা থেকে ইলিশ আসে ভারতে। গত বছর বাংলাদেশের রাজনীতিতে যখন তোলপাড় চলছে, তখনও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ এসেছিল।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের অনুমতি অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ বছর মোট ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। তারই প্রথম ধাপে আজ এই ইলিশ ভারতে প্রবেশ করল। কাস্টমস আধিকারিকদের মতে, পরবর্তীতে আরও কয়েক দফায় বাংলাদেশ থেকে মাছ ভারতে আসবে।

পেট্রাপল সীমান্তে প্রথমে তিনটি ট্রাক এবং পরে আরও পাঁচটি ট্রাকে ইলিশ এসে পৌঁছেছে। বাংলাদেশের বাণিজ্যিক দফতর জানিয়েছে, মোট ৩৭টি সংস্থাকে ইলিশ রফতানির দায়িত্ব দেওয়া হয়েছে। এই রফতানি কার্যক্রম চলবে অক্টোবর মাসের ৫ তারিখ পর্যন্ত।

প্রায় এক থেকে দেড় কিলোর ওজনের এই ইলিশের রফতানি মূল্য প্রতি কিলো ১২ ডলার ৫০ সেন্ট, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ হাজার ৫৫০ টাকার সমান। স্থানীয় বাজারে দাম ঠিক কত হবে, তা মাছ ব্যবসায়ীরা এখনও প্রকাশ করেননি।

এদিকে ভারতীয় সীমান্ত ব্যবসায়ীর কথায়, যে ইলিশ এসে পৌঁছেছে পেট্রাপোল সীমান্তে তার বেশির ভাগই দশ দিন আগের কোল্ড স্টোরে রাখা ছিল এবং বুধবার দুপুর পর্যন্ত সরকারি ভাবে ক্লিয়ারিং সার্টিফিকেট হাতে আসেনি ফলে কখন এই মাছ পৌঁছবে কলকাতার বাজারে সন্দেহ রয়েছে । পাশাপাশি এই মাছ খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে সঠিক হবে এটাও লাখ টাকার প্রশ্ন ।
ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মণ্ডল জানিয়েছেন, আগামী কয়েক ধাপে আরও ইলিশ ভারতে পৌঁছাবে। ফলে শারদ উৎসবের দিন বাংলার বিভিন্ন বাজারে সহজেই বাংলাদেশী ইলিশ পাওয়া যাবে। ভোজনরসিক বাঙালিরা এবার উৎসবের আনন্দে পদ্মার ইলিশ দিয়ে ভুরিভোজ সারতে পারবেন।
পুজোর আগে এই ইলিশের আগমন অনেকেই মনে করছেন উৎসবের আনন্দ আরও বাড়াবে। তাই এবারের শারদ উৎসবে বঙ্গের ভোজনরসিকরা সিজনের তাজা ও সুস্বাদু ইলিশের স্বাদ উপভোগ করতে পারবেন।
তবে এ বার বোধহয় পদ্মার ইলিশ নিয়ে মাতামাতি অনেকটাই কম। কারণ, এ বছর বাংলায় যেমন তেড়ে বৃষ্টি হয়েছে, তেমনই বাঙালি চেটেপুটে খেয়েছে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, রায়দিঘির ইলিশ। ডায়মন্ড কিংবা কাকদ্বীপের সব ইলিশ যেমন সুন্দর, তেমন স্বাদও। খেয়ে মানুষ হাত চেটেছেন আর বলেছেন, ‘রুপোলি শস্য নাম সার্থক।’



