Dev-Shubhashree’দশ বছরে  দূরত্ব বেড়েছে ,ঝগড়া হয়েছে , এবার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক!’ শুভশ্রীর পাশে মঞ্চে দাঁড়িয়ে বললেন দেব

0
680
সঙ্গীতা চৌধুরী, দেশের সময়

কলকাতা : প্রায় এক যুগ পরে ফের পাশাপাশি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জায়গা, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চ। কারণ, তাঁদের অভিনীত আপাত শেষ ছবি ধূমকেতু ছবির মুক্তি পাওয়া বা প্রচার ঝলক অনুষ্ঠান। আর গোটা ঘটনার সাক্ষী থাকল এই জুটির অনুরাগীদের থিকথিকে ভিড়। এবং অবশ্যই সমাজমাধ্যমে অনুষ্ঠানের লাইভ সম্প্রচার দেখতে থাকা দর্শক।

মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি  ‘ধূমকেতু’। সোমবার কলকাতার নজরুল মঞ্চে ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে জমজমাট উপস্থিতি ছিল দুই তারকার। ফের একবার জনপ্রিয় জুটিকে এক ফ্রেমে পেয়ে উচ্ছ্বসিত ভক্তরা। অনুষ্ঠানে হাসি-ঠাট্টা, মজা-মশকরা, আর পুরনো দিনের স্মৃতিচারণ- সব মিলিয়ে জমে উঠেছিল পরিবেশ। দেব ও শুভশ্রী দু’জনেই খোশমেজাজে ছিলেন। ছবির ট্রেলার ঘিরে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো।

সকাল থেকেই নজরুল মঞ্চের বাইরে রাস্তা ছিল ভিড়ে ঠাসা। প্রেক্ষাগৃহের দরজা খুলে দিতেই এক লহমায় তা ভর্তি হয়ে যায় দর্শকে। এরপর প্রেক্ষাগৃহে আলাদাভাবে ঢুকলেও মঞ্চে একসঙ্গে হাজির হন দেব-শুভশ্রী।

চারিদিকে শুধুই চিৎকার। এরপর গান, খুনসুটি চলার পাশাপাশি শুরু হয় ধূমকেতু নিয়ে কথা। এবং অবশ্যই পরস্পরকে নিয়েও। এসবের মাঝেই ধূমকেতুর অন্যতম প্রযোজক রাণা  সরকার দর্শকাসন থেকে দেবের উদ্দেশ্যে চিৎকার করে জিজ্ঞেস করে ওঠেন, “বাকি সবকিছু ছাড়, আগে বল যে, ‘ধূমকেতু’র পর তুই আর শুভশ্রী কবে আবার জুটি বেঁধে বড়পর্দায় আসবি?” চারিদিকে তখন শুধুই চিৎকার।

প্রযোজকের প্রশ্ন শোনামাত্রই হেসে ওঠেন দেব। তারপর দৃঢ় স্বরে বলে ওঠেন, “নিশ্চয়ই আমরা একসঙ্গে আবার ছবি করতেই পারি। কিন্তু তার জন্য আমাদের উপযোগী চিত্রনাট্য তো লিখতে হবে। আমাদের চরিত্রগুলো নিজেদের মনমতো হতে হবে। এসব কিছু ঠিক থাকলে অবশ্যই পর্দায় আমরা জুটি বেঁধে আবার এসব।” পাশ থেকে শুভশ্রী প্রস্তাব দিলেন, পরিচালক কৌশিক গাঙ্গুলিকেই আবার জিজ্ঞেস করা হোক, উনি আবার কবে দেব-শুভশ্রী জুটিকে নিয়ে ছবি করবেন। জবাব কিন্তু হাসতে হাসতে দিয়ে উঠলেন দেব – “ধুর! কৌশিকদা আমাদের নিয়ে ছবি করবেন নাকি? উনি শুধু নিজের ছবি প্রসেনজিৎ, জয়া আহসান এঁদের কাছে নিয়ে যান।” অভিনেতার জবাব শুনে ততক্ষণে হাসির রোল উঠেছে দর্শকের মধ্যে। 

প্রশ্ন পর্ব শুরু হওয়ার আগে ‘ধূমকেতু’ নিয়ে কিছু কথা বলেন দেব। “আমরা আজকে একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলাম। দশ বছর আগে ‘ধূমকেতু’ তৈরি হয়েছে। আমরা ভুলে গেছি। আপনারা আগলে রেখেছেন। এই দশ বছরে আমাদের জীবন পাল্টেছে। ঝগড়া-অশান্তি হয়েছে। দূরত্ব বেড়েছে। ধূমকেতু আমাদের কাছে একটা আবেগ। আমি যদি বুক চিড়ে দেখাতে পারতাম কতটা ভালবাসি।” এই কথা বলে সকল দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানালেন অভিনেতা।

অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা রোহন ভট্টাচার্য । দর্শকদের তরফে আসা প্রশ্নগুলি তিনিই পৌঁছে দিচ্ছেন দুই তারকার কাছে। মঞ্চে দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন, তিনি দেবকে কিছু বলতে চান কী না! উত্তরে ‘চ্যালেঞ্জ’ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, ‘আমার সঙ্গে বন্ধুত্ব করবে?’ হেসে ওঠেন সকলে। পাল্টা দেব বলেন, ‘কেন?’ এরপরই শুভশ্রীর মুখে শোনা যায়, ‘এমনি’। এরপরই একে অপরের দিকে ‘বন্ধুত্বের হাত’ বাড়িয়ে দেন দুজনে।

ইনস্টাগ্রামে একে অপরকে কবে ফলো করবেন? সঞ্চালকের এই প্রশ্নে হেসে ওঠেন দেব-শুভশ্রী । দেব বলে ওঠেন, ‘ব্লক ছিল, ব্লক থেকে আনব্লক করেছি’, তখনই শুভশ্রী প্রশ্ন করেন, ‘ব্লকটা কে করল?’ এরপরই দু’জন নিজেদের ফোন চেয়ে পাঠান। মঞ্চেই একে অপরকে ফলো করলেন দেব-শুভশ্রী। 

এদিন ‘ধূমকেতু’র ঝলক মুক্তির আগে প্রযোজনা সংস্থার সকল সদস্যকে ধন্যবাদ জানালেন দেব। একে একে ডেকে নিলেন নিজের এবং শুভশ্রীর ব্যক্তিগত টিমের সদস্যদের। নিজের এবং শুভশ্রীর পাশে মঞ্চে ডেকে নিলেন প্রযোজক এবং ছবির অন্যান্য শিল্পীদেরও। সবাই সেই ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠতেই দেব বলে ওঠেন, “ব্যাস! ঠিক আছে। এবার একটা ফ্যামিলি ফটো হয়ে যাক!”

Previous articleAbhishek Banerjee ২৬-এর আগে বড় দায়িত্ব, লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক, বৈঠকে ঘোষণা মমতার
Next articleDelhi Set to Roll Out Forward-Looking Logistics and Warehousing Policy 2025

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here