আবার গণধর্ষণ! দিল্লির ক্যাফেতে ২২ বছরের তরুণীকে নির্যাতনের অভিযোগ, সহযোগী মহিলা সহকর্মীরাও, গ্রেফতার ৩
deshersamay

দিল্লিতে একের পর এক ধর্ষণ, গণধর্ষণের ঘটনায় সম্প্রতি স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রশ্ন ওঠে পুলিশি নজরদারির অভাব নিয়ে। এরই মধ্যে ফের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দিল্লিতে। এ বারের অকুস্থল পূর্ব দিল্লির প্রীতবিহার এলাকার এক ক্যাফে। ঘটনায় দুই মহিলা-সহ মোট ছ’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। প্রত্যেকেই নির্যাতিতার সহকর্মী। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত দুই মহিলা-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চলছে।

দ্য ওয়াল ব্যুরো: সহকর্মীদের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন দিল্লির একটি ক্যাফেতে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জমে উঠেছিল খাওয়াদাওয়া, মদ্যপান আর নাচগানের আসর। কিন্তু সেই পার্টিই শেষ পর্যন্ত ভয়াবহ অভিজ্ঞতায় পরিণত হল ২২ বছরের এক তরুণীর কাছে। পূর্ব দিল্লির প্রীত বিহারের একটি ক্যাফেতে তাঁকে গণধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই সহকর্মীদের বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন মহিলা। বাকি তিন অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

নির্যাতিতা ওই ক্যাফেতেই কাজ করেন। অভিযুক্তরাও একই সংস্থার কর্মী। সোমবার রাতে সহকর্মীদের সঙ্গে পার্টি শুরু করেন। রাত সাড়ে ১১টা নাগাদ নিয়মমাফিক ক্যাফে বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরেও শেষ হয়নি উল্লাস। দলেরই এক সদস্যের কাছে ক্যাফের চাবি থাকায় বন্ধ দরজার আড়ালে চলতে থাকে মদ্যপান ও নাচগান। রাত যত বাড়তে থাকে, ততই পার্টির আসর দীর্ঘায়িত হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ সেখান থেকে বেরিয়ে যান সকলে।

তরুণীর অভিযোগ, পার্টি চলাকালীন দুই পুরুষ সহকর্মী তাঁকে ধর্ষণ করেন। শুধু তাই নয়, দলের বাকি সদস্যরাও ওই ঘটনায় তাঁদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ। অর্থাৎ, গোটা ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন একাধিক ব্যক্তি।

ঘটনার কথা সামনে আসতেই তদন্তে নামে পুলিশ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে চারজন পুরুষ ও দু’জন মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জন মহিলা রয়েছেন। তবে অভিযোগে নাম থাকা আরও তিনজন এখনও অধরা। তাঁদের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ক্যাফের ভিতরে ঠিক কী ঘটেছিল, পার্টিতে উপস্থিত প্রত্যেকের ভূমিকা কী ছিল এবং অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা কতটা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা চলছে।

