পাঁচতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লিতে! ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে শুধুই চিৎকার,অনেক ‘পেইং গেস্ট’ পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা
deshersamay

হুড়মুড়িয়ে ধসে পড়ল পাঁচতলা একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লি এলাকায়। ধ্বংসস্তূপের মধ্যে বেশ কয়েক জন আবাসিক আটকে রয়েছেন বলে আশঙ্কা। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধারকাজ।

রবিবার ছুটির দিন ভয়াবহ দুর্ঘটনা দিল্লিতে । দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই বাড়িটি । বাড়িটির পেইং গেস্ট বা PG আবাসন হিসেবে ব্যবহৃত হত বলে জানা গিয়েছে। দুর্ঘটনার সময় প্রায় ৫০জন ওই বিল্ডিংয়ে ছিলেন বলে খবর। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।

জানা গিয়েছে, রবিবার দুপুর দেড়টা নাগাদ দিল্লির চাণক্যপুরীর কাছে মোতি বাগ এলাকায় ওই বাড়িটি ভেঙে পড়েছে। দমকলবাহিনী দুপুর ১টা ৩৫ মিনিট নাগাদ খবর পায়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের আটটা ইঞ্জিন। পরে আরও কয়েকটি দমকলের ইঞ্জিন পাঠানো হয় ঘটনাস্থলে। দিল্লির এই দুর্ঘটনার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দেশের সময় ডট কম)। সেই সব ভিডিয়োয় দেখা যাচ্ছে, ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। সেখানে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ভিডিয়োয় অনেক লোকের জমায়েত দেখা যাচ্ছে।

দমকল আধিকারিকেরা জানান, ওই বাড়িতে অনেক পড়ুয়া ‘পেইং গেস্ট’ হিসেবে থাকতেন। রবিবার হওয়ায় অনেকেই বাড়িতে ছিলেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ঘটনার সময় ওই বাড়িতে অন্তত ৫০ জন পড়ুয়া ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়া ওই বাড়ির আশপাশে আরও কয়েকটি বাড়িও পড়ুয়াদের থাকার জন্য ভাড়া দেওয়া হয়। তেমনই এক বাড়ির ‘পেইং গেস্ট’ পড়ুয়া সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, ধ্বংসস্তূপের তলা থেকে তিনি কয়েক জনের আর্তনাদ শুনেছেন।
পুলিশ জানিয়েছে, এটি ছিল মূলত আবাসিক ভবন। তবে সেখানে অনেক পড়ুয়া পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। ওই বাড়ির নীচে অনেক গাড়ি পার্ক করা ছিল। বাড়িটি ভেঙে পড়ার কারণে সেই গাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিসিপি (দক্ষিণ-পশ্চিম) অমিত গোয়ল বলেন, ‘‘কত জন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন, সেই সংখ্যা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।’’

ঘটনাস্থলে রয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা। তিনি বলেন, ‘‘আমরা প্রার্থনা করছি আটকে পড়া সকলকে জীবিত অবস্থায় যাতে উদ্ধার করা যায়। মুখ্যমন্ত্রী (রেখা গুপ্ত) ঘটনাস্থলে একটি দলও পাঠিয়েছেন।’’ ঘটনাস্থলটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছেই। ফলে ওই এলাকায় অনেক পড়ুয়াই থাকেন।

ধ্বংসস্তূপের ভিতর থেকেই ফোন?
ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা। ধ্বংসস্তূপের ভিতরে আটকে থাকা কয়েকজন পড়ুয়া ফোনও করছেন বলে খবর পাওয়া গিয়েছে। তিনি বলেন, “মনে হচ্ছে এখনও কয়েকজন ভিতরে আটকে রয়েছেন। উদ্ধারকাজ চলছে।”
কী বললেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা?
দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাশের বাড়িটিও খালি করে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা প্রত্যেককে নিরাপদে উদ্ধারের জন্য সবরকম চেষ্টা চলছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
তবে, কী কারণে ছয়তলা বাড়িটি ভেঙে পড়েছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত জোরকদমে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

