বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাত! ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরেও, আজ আবহাওয়া কেমন থাকবে জানুন?
deshersamay

বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ সরতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমল। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই।
তবে আকাশ মূলত মেঘলাই থাকবে, সঙ্গে হতে পারে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি। অন্য দিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ এক-দু’ পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ দিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বিগত ২৪ ঘণ্টায় শহরে ৮.২ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে।

আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে দু’এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ শহরের তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা থেকে বুধবার সকাল সাড়ে ছ’টার মধ্যে শহরে মোট ৮.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি)।

আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অধিকাংশ জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে- সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।


