প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সৌরভ ও ডোনাকে প্রাণনাশের হুমকি চিঠি, ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের

deshersamay

Share article:

প্রাণনাশের হুমকি চিঠি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু সৌরভ নন, তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নামেও হুমকি চিঠি পাঠানো হয়েছে। এই নিয়ে উদ্বিগ্ন বেহালার গঙ্গোপাধ্যায় পরিবার। ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছেন সৌরভ। দ্রুত পুলিশি তদন্তের আবেদন জানিয়েছেন। 

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে  প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানো হলো। শুধু সৌরভ বা ডোনা নন, চিঠিতে তাঁদের পরিবার ও ব্যক্তিগত কর্মীদের নিরাপত্তা নিয়েও মারাত্মক হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গভীরভাবে উদ্বিগ্ন বেহালার গঙ্গোপাধ্যায় পরিবার। ঘটনার গুরুত্ব অনুধাবন করে সোমবারই ঠাকুরপুকুর থানার  দ্বারস্থ হয়েছেন সৌরভের টিম। দ্রুত পুলিশি হস্তক্ষেপ ও কড়া তদন্তের আবেদন জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার সৌরভের ব্যক্তিগত সচিব তানিয়া ভট্টাচার্য ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। তাঁর তরফে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে অচেনা ও অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছ থেকে একের পর এক আপত্তিকর চিঠি আসছিল। শুরুতে গঙ্গোপাধ্যায় পরিবার ও তাঁর কর্মীরা বিষয়টিকে সাধারণ ব্যক্তিগত ক্ষোভ বা অপছন্দের বহিঃপ্রকাশ বলে মনে করেছিলেন। তাই প্রথম দিকে চিঠিগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি।

তবে সোমবার একসঙ্গে দু’টি চিঠি এসে পড়ায় পুরো পরিস্থিতি বদলে যায়। চিঠির একটি লেখা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে এবং অন্যটি লেখা হয়েছে ডোনা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে। অভিযোগপত্রে তানিয়া ভট্টাচার্য লিখেছেন, ‘চিঠির প্রেরক শুধু সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেই থামেনি। সৌরভ, তাঁর পরিবার এবং তাঁর সঙ্গে যাঁরা কাজ করেন, তাঁদের সবার নিরাপত্তা নিয়েই এ বার সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি এখন আর সাধারণ বিদ্বেষে আটকে নেই, এটি চরম নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি। তাই আমরা দ্রুত পুলিশি তদন্তের দাবি জানিয়েছি।’

অভিযোগ পাওয়ার পরেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানা। চিঠির প্রেরকের খোঁজে ও হস্তাক্ষর পরীক্ষার জন্য বিশেষ টিম কাজ শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর। উল্লেখ্য, এর আগেও সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সম্মানহানিকর ও বিতর্কিত পোস্ট করার অপরাধে ঠাকুরপুকুর থানার দ্বারস্থ হয়েছিল সৌরভের পরিবার। কিন্তু এ বার সরাসরি ডাকযোগে প্রাণনাশের চিঠি আসায় বেহালার ‘বীরেন রায় রোড’-এর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হচ্ছে।

ঘটনার প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে যে,চিঠিটির প্রেরক উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার বাসিন্দা অরুণ কুমার নামের এক ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে বারবার এই হুমকি চিঠিগুলো সৌরভের ঠিকানায় পাঠানো হচ্ছিল। কারণ, চিঠিতে একটি ফোন নম্বর ছিল। সেটি ‘ট্রু কলার’-এ ফেললে ওই নাম সামনে আসে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে ২০১৭ সালে সৌরভকে খুনের হুমকি দিয়ে নির্মাল্য মাইতি নামে এক যুবক গ্রেফতার হয়েছিলেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন