পেট্রাপোল সীমান্তে সুপারি পাচারের মেগা সিন্ডিকেট , গ্রেফতার মাস্টারমাইন্ড
deshersamay

ভারত বাংলাদেশের স্থলবন্দর পেট্রাপোল দিয়ে কোটি কোটি টাকার সুপারি বেআইনিভাবে ভারতে আনার অভিযোগে ফের বড়সড় পদক্ষেপ করল ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। সেই মামলায় কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে ডিআরআই তার হেফাজতের আবেদন জানায়। ঘটনাকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্ত বাণিজ্য মহলে।

ডিআরআই সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুখেন ঘোষ। তাঁর বাড়ি কলকাতায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ সুপারি ভারতে আনার চক্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তদন্তে উঠে এসেছে, এই বেআইনি কারবারের মাধ্যমে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই শুল্ক আইন অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং একটি সুপরিকল্পিত পাচারচক্র দীর্ঘদিন ধরে ভুয়ো নথি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে সীমান্ত দিয়ে সুপারি আমদানি করে শুল্ক ফাঁকি দিচ্ছিল। সেই চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে ডিআরআই। এই মামলায় এর আগেও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ডিআরআই সূত্রের দাবি, সুখেন ঘোষকে নিয়ে এখনও পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীদের মতে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীর যোগ থাকতে পারে। তাঁদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।



