রথের দিনেই কালীঘাটের রশিতে হ্যাঁচকা টান, ইস্তফা দিয়েই পদ্মশিবিরে রঞ্জিত-কন্যা কোয়েল
deshersamay

রাজ্যসভায় চার নম্বর উইকেট পড়ল তৃণমূলের!রথযাত্রার পুণ্য তিথিতেই বঙ্গ রাজনীতি আন্দোলিত হয়ে গেল। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক আচমকাই ইস্তফা দিলেন তাঁর সাংসদ পদ থেকে। বুধবার বিকেল পর্যন্তও রাজ্যসভার সরকারি ওয়েবসাইটে সাংসদ তালিকায় জ্বলজ্বল করছিল রঞ্জিত-কন্যার নাম। কিন্তু বৃহস্পতিবার সকাল হতেই সম্পূর্ণ বদলে গেল গোটা দৃশ্যপট।

সাংসদ পদ ছাড়ার পরক্ষণেই শোরগোল ফেলে দিয়েছেন কোয়েল। তাঁকে দেখা গিয়েছে নয়াদিল্লির মতিলাল নেহেরু রোডে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কোয়েলের এই বৈঠকের ছবি সামনে আসতেই স্পষ্ট হয়ে গিয়েছে— খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন টলিউডের এই হেভিওয়েট তারকা।
গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতির অন্দরে গুঞ্জন ছিল, তৃণমূলের আরও এক তারকা সাংসদের সঙ্গে ঘাসফুল শিবিরের দূরত্ব বাড়ছে। অনেকে ধরেই নিয়েছিলেন, সেই তিনি হলেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে তথা অভিনেত্রী কোয়েল মল্লিক।

সূত্রের খবর, কোয়েল বিদেশে ছিলেন, তাই ইস্তফা দিতে সময় লাগল। নইলে অনেক আগেই বিজেপি নেতৃত্বের সঙ্গে তাঁর কথা হয়ে গেছিল। বাংলা সিনেমা জগতে মল্লিক পরিবারের আভিজাত্য এবং স্বচ্ছ ভাবমূর্তি সর্বজনবিদিত। কোয়েলের এই সিদ্ধান্ত টলিউডের পাশাপাশি তৃণমূলের জন্যও একটি বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। বিশেষ করে, যেখানে একের পর এক দুর্নীতি ইস্যুতে টলিউডের একাংশের নাম জড়াচ্ছে, সেখানে কোয়েলের মতো একজন হেভিওয়েট ও পরিচ্ছন্ন ভাবমূর্তির তারকার বিজেপির দিকে ঝুঁকে পড়া নিশ্চিতভাবেই পদ্মশিবিরের পালে বাড়তি হাওয়া দেবে বলে অনেকের মত।

এর আগে তৃণমূল কংগ্রেসের তিন জন সাংসদ রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছেন। ওই তিন সাংসদ হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। তাঁরা ইস্তফা দেওয়ার এক মাসের মধ্যে ওই শূন্য তিন আসনে নির্বাচন হয়েছে। তাতে বিজেপি-র প্রার্থী হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের মুখে তাঁরা। এবার সেই খাতায় নাম লেখাতে চলেছেন কোয়েলও।

সূত্রের খবর, তৃণমূল থেকে ইস্তফা দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দেবেন কোয়েল। তার পর বিজেপি রাজ্যসভার ওই শূন্য আসনে প্রার্থী করবে তাঁকে।
গত ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার সাংসদ হওয়ার পরে যদিও এক বারও সংসদের কোনও অধিবেশনে যোগ দেননি কোয়েল। সোমবার থেকে বাদল অধিবেশন শুরু হচ্ছে। সাংসদ পদ পাওয়ার পরে সেটাই হতে পারত কোয়েলের প্রথম অধিবেশন। কিন্তু তার আগেই তিনি ইস্তফা দিলেন।

