নদিয়ার ধানতলায় স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুন, দেহে ছড়িয়ে দেওয়া হয় অ্যাসিড, নৃশংস ঘটনায় চাঞ্চল্য
deshersamay

নৃশংস ঘটনা নদিয়া জেলার ধানতলা থানা এলাকায়। এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ। দেহের উপরে ছড়িয়ে দেওয়া হয় অ্যাসিড। মৃত ব্যবসায়ীর নাম বিকাশ দাস (৪৯)। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটায় ঘটনাটি ঘটে।রাতে দোকান বন্ধের পরেও দোকানের সামনে কিছু কাজের জন্য অপেক্ষা করছিলেন ওই ব্যবসায়ী। এর পরেই তাঁকে কেউ বা কারা কুপিয়ে হত্যা করে গায়ের উপরে অ্যাসিড ঢেলে দেয় বলে অভিযোগ। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ স্থানীয় এক ব্যবসায়ীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁরা দেখেন দোকানের কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বিকাশ। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। মৃত ব্যবসায়ীর মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনও ব্যবসায়িক শত্রুতার কারণেই তাঁকে খুন করা হয়েছে না এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।




