ক্লাসের মধ্যেই ভেঙে পড়ছে ছাদের চাঙড় ,দুর্ঘটনা থেকে বাঁচলো ছাত্রছাত্রীরা, ক্ষোভে ফুঁসছে অভিভাবকেরা:দেখুন ভিডিও
deshersamay

দেশের সময় , গাইঘাটা : ক্লাস শুরুর আগেই ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড়। এই ঘটনায় কেউ চোট পায়নি ঠিকই। কিন্তু ক্লাস রুমে ঢুকেই ছাদের ভেঙে পড়া চাঙড় দেখে আতঙ্কে ক্লাস রুম ছুটে বেড়িয়ে যায় অনেক পড়়ুয়া। হুড়োহুড়ি পড়ে যায়। ভয় পেয়ে যান শিক্ষকেরাও। খবর যায় অভিভাবকদের কাছে। তাঁরা চলে আসেন স্কুলে। ঘটনার প্রতিবাদে স্কুল শিক্ষকদেরকে অভিযোগ জানান তাঁরা।

সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত গাইঘাটা সার্কেলের অধীন শ্রীপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ।

অভিভাবক ও স্থানীয় মানুষজন ঘটনার পরে ক্ষোভ দেখাতে থাকেন। পড়ুয়াদের ক্ষতি হয়ে গেলে তার দায় কে নেবে, সে প্রশ্ন তোলা হয়। স্কুলের পরিকাঠামোর এমন দশা কেন, তা নিয়ে উত্তেজনা ছড়ায়। দেখুন ভিডিও

স্থানীয় মানুষ ও অভিভাবকদের বক্তব্য, ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না অভিভাবকেরা। স্কুলে পাঠিয়ে যদি এ ভাবে আতঙ্কে থাকতে হয়, তা হলে তো খুব সমস্যা। সামনে স্কুলের পরীক্ষা। যদি ঘরদোর সারানো না হয়, তা হলে পরীক্ষা দিতেও পাঠাব না সন্তানদের।’’
যদিও স্কুলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, স্কুলের পরিকাঠামো সংস্কার করা হবে। কিন্তু যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে অভিভাবকেরা।

কত দিন এ ভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে ক্লাস করবে ছেলেমেয়েরা ? স্কুলের দাবি, অভিভাবকদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীমা ঠাকুর বলেন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার আবেদন জানিয়েছি শ্রেণীকক্ষে সংস্কারের জন্য। আমরাও আতঙ্কে রয়েছি। যে কোনদিন দুর্ঘটনা ঘটতে পারে।

