Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ইতিহাস গড়ে বিশ্বকাপের নকআউটে কেপ ভের্দে

deshersamay

Share article:
সুব্রত বক্সী

এক মাঠে স্পেনের (Spain) নিয়ন্ত্রিত জয়। অন্য মাঠে কেপ ভার্দের (Cape Verde) অবিশ্বাস্য লড়াই। গ্রুপের শেষ দিনে দুই ম্যাচ মিলিয়ে বদলে গেল অঙ্ক। উরুগুয়েকে (Uruguay) ১-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ বত্রিশে উঠল স্পেন। আর সৌদি আরবকে (Saudi Arabia) গোলশূন্য ড্রয়ে আটকে বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই নকআউটে জায়গা করে নিল কেপ ভার্দে। উরুগুয়ের ভাগ্য ঝুলে রইল সেরা তৃতীয় স্থানাধিকারীদের হিসেবের উপর। সৌদি আরবের বিশ্বকাপ অভিযান এবারের মতো শেষ।

মেক্সিকোর গুয়াদালাহারায় শুরু থেকেই বলের দখল ছিল স্পেনের। দ্বিতীয় মিনিটেই লামিন ইয়ামালের (Lamine Yamal) পাস থেকে মিকেল ওয়ারজাবালের শট শেষ মুহূর্তে রক্ষা করে উরুগুয়ের রক্ষণ। এরপর দীর্ঘ সময় ৭০ শতাংশেরও বেশি বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে ধৈর্য ধরে আক্রমণ গড়ে তোলে স্প্যানিশ ব্রিগেড। ৪২ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। মাঝমাঠ থেকে পাস রিসিভের পর এগিয়ে গিয়ে নিচু শট আলেক্স বায়েনার (Alex Baena)। গতিপথ বুঝতে সম্পূর্ণ ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তাঁর হাত ফসকে বল জড়িয়ে যায় জালে।

বিরতির পর কঠোর সিদ্ধান্ত নেন মার্সেলো বিয়েলসা। মুসলেরাকে তুলে নতুন গোলরক্ষক নামান। ডারউইন নুনিয়েসকে সামনে রেখে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় উরুগুয়ে। কিন্তু তাতে স্পেনের রক্ষণ ভাঙেনি৷ উল্টে ৬৩ মিনিটে ইয়ামালের নিখুঁত ক্রস থেকে দানি ওলমো সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

টেক্সাসের হিউস্টনে কেপ ভার্দে জানত, জয় নয়, অন্তত ড্র-ই তাদের নকআউটে তুলতে পারে। সেই হিসেবে মেনে গোছানো ফুটবল খেলেছে আফ্রিকার দেশটি। কোচ বুবিস্তা আগের ম্যাচের তুলনায় পাঁচটি পরিবর্তন করেন। অন্যদিকে আক্রমণাত্মক ৪-৩-৩ ছকে নামে সৌদি আরব। যারা প্রথমার্ধেই ব্যাকফুটে চলে যায়। চোট পেয়ে মাঠ ছাড়েন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার হাসান আলতামবাকতি। তবু সেলেম আল-দাওসারি ও ফেরাস আলব্রিকানকে সামনে রেখে শানাতে থাকে একের পর এক আক্রমণ। কিন্তু প্রতিবারই সামনে দেওয়াল হয়ে দাঁড়ান কেপ ভার্দের অধিনায়ক ও গোলরক্ষক ভোজিনহা। উড়ন্ত সেভ, ক্রস ধরে ফেলা এবং রক্ষণকে নিখুঁতভাবে সাজিয়ে ফের একবার ম্যাচের নায়ক তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে কেপ ভার্দেও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। ৪৯ মিনিটে জামিরো মনতেরো ছয় গজের মধ্যে থেকে জোরালো শট নেন। কিন্তু অসাধারণ রিফ্লেক্সে বল ফিরিয়ে দেন সৌদি গোলরক্ষক মহম্মদ আল-ওয়াইস। শেষ দিকে সৌদি আরব সবাইকে তুলে আক্রমণে গেলেও গোল পায়নি।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যায় গ্রুপের ছবি। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে শেষ করে স্পেন। তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বিশ্বকাপে অভিষেকেই শেষ বত্রিশে কেপ ভার্দে। ইতিহাসে তাদের সবচেয়ে বড় সাফল্য।

অন্যদিকে, স্পেনের কাছে হেরে দুই পয়েন্টে আটকে গেল উরুগুয়ে। এখন অন্য গ্রুপের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। সেরা তৃতীয় স্থানাধিকারীদের তালিকায় জায়গা মিললেই কেবল নকআউটে ওঠার সুযোগ থাকবে। সৌদি আরবও দুই পয়েন্টে অভিযান শেষ করল। শেষ ম্যাচে জিতলেই সরাসরি শেষ বত্রিশে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ভোজিনহার অনবদ্য গোলকিপিং এবং কেপ ভার্দের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ সেই সম্ভাবনায় ইতি টেনে দিল।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.