Mamata Banerjee ‘একটি শিশুও রেহাই পায়নি…’,বাংলার পরিযায়ী পরিবারের শিশুকে মারধরের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে, ক্ষুব্ধ মমতা দেখালেন ভিডিও
deshersamay
বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী ভারতীয়দের হেনস্থা করা হচ্ছে, গত কয়েকদিন ধরেই এই অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য নতুন করে ‘ভাষা আন্দোলন’-এর প্রয়োজন রয়েছে, এ কথাও ২১ জুলাইয়ের মঞ্চ থেকে জানিয়েছেন তিনি। এরই মধ্যে রবিবার ফের তিনি অভিযোগ করেন, মালদার চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে হেনস্থা করেছে দিল্লি পুলিশ। এক্স হ্যান্ডলে তিনি একটি ভিডিয়োও শেয়ার করেন।
দিল্লিতে বাঙালি পরিযায়ী পরিবারের উপর পুলিশের বর্বর আচরণের তীব্র নিন্দা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, “দেখুন, দিল্লি পুলিশ মালদহের চাঁচলের এক পরিযায়ী পরিবারের শিশু ও মাকে কী নিষ্ঠুরভাবে মেরেছে! সাংঘাতিক সন্ত্রাস!”
মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপিচালিত প্রশাসনে বাঙালিদের বিরুদ্ধে একপ্রকার “ভাষা সন্ত্রাস” চলছে এবং তার বলি হচ্ছে শিশুরাও। তিনি প্রশ্ন তুলেছেন, “দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে?”
সাংঘাতিক সন্ত্রাস!!
— Mamata Banerjee (@MamataOfficial) July 27, 2025
দেখুন, দিল্লি পুলিশ মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কি নিষ্ঠুরভাবে মেরেছে!!
দেখুন, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই!!
দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে!? pic.twitter.com/L675OMXPZd
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়েছে। তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার বিরুদ্ধে কেন্দ্রের কাছে কঠোর প্রতিবাদ জানানো হবে। ইতিমধ্যে ওই নির্যাতিত পরিবারকে আইনি সহায়তা দেওয়ার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই দিল্লি পুলিশের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
দিল্লি পুলিশ এখনও এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্ত শুরু করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।
